মহাশূন্যে জৈব অণু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাশূন্যে আমাদের সৌরজগতের বাইরে এই প্রথম একটি জৈব অণুর খোঁজ মিলেছে। প্রাণের অস্তিত্বের জন্য এ ধরনের অণুর উপস্থিতি অপরিহার্য। যুক্তরাষ্ট্রের একদল জ্যোতির্বিজ্ঞানী বলছেন, এই আবিষ্কারের সূত্র ধরে পৃথিবীতে প্রাণের উৎপত্তি নিয়ে পুরোনো রহস্যের সমাধান মিলতে পারে।

মহাবিশ্ব সৃষ্টির উপাদান হিসেবে ব্যবহৃত জৈব অণুগুলো ডান ঘেঁষা বা বাম ঘেঁষা হয়ে থাকে, অনেকটা মানুষের মতোই। যেমন মানুষের মধ্যে কেউ বাঁ হাতি আবার কেউ ডান হাতি হয়ে থাকে। অণুগুলোর এই ঝোঁক বা প্রবণতাকে বলা হয় কাইরালিটি। পৃথিবীর অধিকাংশ জৈব অণু বাম ঘেঁষা। কিন্তু এর কারণ বিজ্ঞানীদের অজানা। সম্প্রতি আবিষ্কৃত মহাজাগতিক জৈব অণুটি সবচেয়ে জটিল প্রকৃতির এবং কাইরাল বৈশিষ্ট্যের। পৃথিবীতে আসা উল্কাপিণ্ড এবং আমাদের সৌরজগতের ধূমকেতুতে এ ধরনের কাইরাল অণুর উপস্থিতির সন্ধান আগেই মিলেছে। তবে আমাদের সৌরজগতের বাইরে এবারই প্রথম কাইরাল জৈব অণুর সন্ধান পাওয়া গেল।

অণুটির রাসায়নিক নাম প্রপিলিন অক্সাইড। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি (এনআরএও) এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের ছায়াপথের কেন্দ্রের কাছে ধূলি ও গ্যাসের একটি সুবিশাল মেঘের মধ্যে’ এটির খোঁজ মিলেছে। এ ধরনের ধূলি-মেঘ থেকেই নক্ষত্রের সৃষ্টি হয়।

এ গবেষণার প্রতিবেদন গত মঙ্গলবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, অণুগুলো বাঁয়ে বা ডানে ঝোঁকার মাধ্যমে একধরনের জৈব সুবিধা পায়। কারণ, এই ভারসাম্য থাকায় তারা নিজেদের অধিকতর জটিল গঠন নিশ্চিত করতে পারে। অ্যামিনো অ্যাসিডের মতো নির্দিষ্ট কিছু জৈব অণু সম্পূর্ণ বাম ঘেঁষা। কিন্তু শর্করাজাতীয় কিছু অণু সব সময় ডান ঘেঁষা হয়ে থাকে। অণুগুলোর এ ধরনের কাইরালিটি নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে ধাঁধার মধ্যে রয়েছেন। তাঁরা আশা করছেন, সৌরজগতের বাইরে নতুন অণুটির খোঁজ পাওয়ার ফলে অবশেষে সেই ধাঁধার একটা সমাধান হতে পারে।