মহেশখালীতে তথ্যকেন্দ্র আছে কিন্তু সেবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে সেবা পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় লোকজন কাছ থেকে জানা গেছে। সপ্তাহে ছয় দিন ইউআইএসসিগুলো খোলা থাকার কথা থাকলেও সেসব বেশির ভাগ সময় বন্ধ থাকায় জনগণ গিয়ে ফিরে আসছে। ফলে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য গত বছরের ১১ নভেম্বর সারা দেশের মতো এ উপজেলার আটটি ইউনিয়নে ইউআইএসসি চালু করলেও এগুলো এখনো জনগণের তেমন কাজে আসছে না।আটটি ইউনিয়নের মধ্যে শুধু বড় মহেশখালী ইউনিয়নের ইউআইএসসিতে জেনারেটর রয়েছে, ফলে এটি খোলা থাকে। বিদ্যুতের ব্যবস্থা না থাকায় কার্যত অচল হয়ে আছে বাকি কেন্দ্রগুলো। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউআইএসসি চালু করার জন্য উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রতিটি ইউনিয়নে প্রায় আড়াই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এ টাকা দিয়ে প্রতিটি কেন্দ্র চালু করার জন্য ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, স্ক্যানার, লেমিনেটর, প্রজেক্টর, জেনারেটর, ইন্টারনেট মডেম, ডিজিটাল ক্যামেরা, ফটো কপিয়ার ও দরকারি আসবাবপত্র কেনার কথা। কিন্তু অনেক কেন্দ্রে এখনো এগুলো কেনা হয়নি।গত রোববার সকাল ১০টায় উপজেলা সদরের পার্শ্ববর্তী কুতুবজোম ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র বন্ধ। চার যুবক তথ্য ও সেবাকন্দ্রে গিয়ে অপেক্ষা করছেন। স্থানীয় বাসিন্দা রহিম উল্লাহ ও আবদুর রহিম বলেন, প্রায়ই তথ্য ও সেবাকেন্দ্র বন্ধ থাকে। এলাকার লোকজন কেন্দ্রে গিয়ে তথ্য না পেয়ে ফিরে যায়। আরেক বাসিন্দা কুতুব উদ্দিন বলেন, ‘এবারের জেএসসি পরীক্ষায় আমার ছেলে পাস করেছে। কিন্তু ফলাফল নেওয়ার জন্য এই কেন্দ্রে গিয়ে তথ্য পাওয়া যায়নি।’ ইউআইএসসির পরিচালক মোহাম্মদ আলা উদ্দিন বলেন, এ কেন্দ্র নিয়ে জনগণের মধ্যে তেমন সাড়া পড়েনি।বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং থাকায় সব সময় জনগণকে সেবা দেওয়া যাচ্ছে না। কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্র লাল দে জানান, তথ্যকেন্দ্রের জন্য এখনো অনেক সামগ্রী কেনা হয়নি। এ কারণে ইউআইএসসি বন্ধ থাকে। তবে লোকজন সেবা নিতে এলে খোলা হয়।উপজেলার বিচ্ছিন্ন উপদ্বীপ ধলঘাটা ইউনিয়নের ইউআইএসসির অবস্থা আরও করুণ। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এমন ঝুঁকিপূর্ণ পরিষদ ভবনে কেন্দ্রটি খোলা হয়েছে। এ ছাড়া এই এলাকায় কোনো বিদ্যুৎ না থাকায় কেন্দ্রটি বন্ধ রয়েছে। সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ধলঘাট সুতরিয়া বাজারের জেনারেটরের মাধ্যমে ইউআইএসসি খোলা রাখা হয়। কিন্তু রাতে কেউ কেন্দ্রে গিয়ে সেবা নেন না।কেন্দ্রটির পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিদ্যুতের ব্যবস্থা না থাকায় এ ইউআইএসসি বন্ধ। তথ্যকেন্দ্রের জন্য সৌরবিদ্যুৎ প্যানেল দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা পাওয়া যায়নি। ধলঘাটা ইউপি চেয়ারম্যান মকবুল আহমদ জানান, সৌরবিদ্যুৎ পেলে তথ্য ও সেবাকেন্দ্রটি চালু করা সম্ভব। পরিষদের আর কোনো ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পরিষদ ভবনে তথ্যকেন্দ্রের অফিস করা হয়েছে।বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে উপজেলার মাতারবাড়ি, কালারমারছড়া, শাপলাপুর, হোয়ানক, ছোট মহেশখালী ইউআইএসসিগুলোর অবস্থা একই রকম। কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা সরওয়ার আজম চৌধুরী বলেন, কেন্দ্রগুলো নামে আছে, কাজে নেই।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আটটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়েছে। কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে অনেক কেন্দ্র পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এলাকায় শিক্ষার হার কম হওয়ায় অনেকেই তথ্য ও সেবাকেন্দ্র কী, তা জানেন না। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে ইউনিয়নপর্যায়ে সমাবেশ করার প্রক্রিয়া চলছে।’ তথ্য ও সেবাকেন্দ্র বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। —রুহুল বয়ান (কক্সবাজার) মহেশখালী প্রতিনিধি