মা বলে এটা মেয়ে বলে ওটা

হূদিতার সঙ্গে তার মায়ের পছন্দ কখনোই মেলে না। সে পছন্দ করে পাশ্চাত্য ঢঙের পোশাক। মা চান সালোয়ার-কামিজই পরুক মেয়ে। এই নিয়ে দুজনের শুরু হয় বাগিবতণ্ডা। এবারের রোজার শুরুতেই কেনাকাটা করতে গিয়ে এমনটা হয়েছে। মা-মেয়ে এরই মধ্যে বেশ কয়েকবার দোকানে গিয়েছেন। কিন্তু দুজনের পছন্দ না মেলায় খালি হাতেই ফিরতে হয়েছে। হূদিতার মায়ের অভিযোগ, মেয়ে কী সব পোশাক পছন্দ করে। ১৫-১৬ বছরের মেয়ে তো মায়ের কথামতোই পোশাক কিনবে। তা না, নিজেই সব বোঝে এমন ভাব। আর হূদিতার কথা, ‘আমি একটু ফ্রক, লেগিংস, জিনস ও টপস পরতে পছন্দ করি। মায়ের এসব পছন্দ নয়। শুধু সালোয়ার-কামিজ, লম্বা স্কার্ট ও টপস পরলে তার সঙ্গে ওড়না পরতে বলেন। তখন খুব বিরক্ত লাগে। তাই ঝগড়া করেই নিজের পছন্দমতো পোশাক কিনি।’শুধু হূদিতা কেন, বয়ঃসন্ধিকালের মেয়েদের সঙ্গে তাঁদের মায়েদের পছন্দ বেশির ভাগ ক্ষেত্রে মেলে না।
তার মানে এই নয় যে মেয়েরা অবাধ্য। এই সময়ে মেয়েদের মনস্তত্ত্বে নানা রকমের পরিবর্তন আসে। নিজেকে কীভাবে আরও সুন্দর দেখানো যায়, তারা সেই চেষ্টা করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের খণ্ডকালীন মনোবিজ্ঞানী তামিমা তানজিন বলেন, বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের মতো তাদের পছন্দ-অপছন্দেও পরিবর্তন দেখা দেয়। এ সময় তারা খানিকটা জেদি হয়। তাই সব সময় সন্তানের আবদার মানতে হবে তা নয়। তবে ঈদ বা বিশেষ কোনো উৎসবে সন্তানের পছন্দের পোশাকই কিনে দেওয়া ভালো। আর ওরা এ যুগের ছেলেমেয়ে। মা-বাবার সঙ্গে ওদের পছন্দের তারতম্য হবে, এমনটাই স্বাভাবিক। ওদের মন বুঝতে হবে অভিভাবককে।তমসা এ বছর কলেজে উঠেছে। মায়ের সঙ্গে পোশাক, জুতা কিংবা গয়না পরা নিয়ে ঝামেলা লেগে যায় ওর। মা চান মেয়ে একটু সাজগোজ করুক, হালকা করে লিপস্টিক দিক। একটু-আধটু গয়না পরুক। কিন্তু তমসার এসব ভালো লাগে না। ওর মতে, পরিপাটি থাকলেই তো হলো। সাজগোজ করা, নিত্যনতুন হেয়ারস্টাইল—এসব ভালো লাগে না। তবে ফ্যাশনেবল পোশাক পরতে পছন্দ করে সে। সেসব নাকি আবার মায়ের পছন্দ নয়। তাই সারা বছর মায়ের পছন্দে পোশাক কিনলেও ঈদে ও জন্মদিনে তমসা নিজের পছন্দে পোশাক কেনে। বিশেষজ্ঞরা মনে করেন, সব সময় মা-বাবার ইচ্ছা পছন্দ সন্তানের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। দোকানে যাওয়ার আগে বাজেট তাকে বলে দিতে হবে। নিজের পোশাককেনার সিদ্ধান্ত থেকেও তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে, যা অভিভাবক ও সন্তান দুজনের জন্যই ভালো।
