মা রোবট!

সম্প্রতি বিজ্ঞানীরা একটি রোবট ‘মা’ তৈরি করেছেন, যা বিশেষ কারিগরি প্রক্রিয়ায় শিশু রোবট তৈরি করে দেখিয়েছে। গবেষকেরা রোবটের বিবর্তন প্রক্রিয়া জানতে এই ‘মা’ রোবট নিয়ে পরীক্ষা চালান। পরীক্ষায় দেখা গেছে, মা রোবট যে শিশু তৈরি করেছে, তা আগের প্রজন্মের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করেছে। গবেষকদের দাবি, মানুষ ও প্রাণীর যেভাবে বিবর্তন ঘটে, একই ভাবে রোবটের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় বিবর্তন ঘটা সম্ভব। আজ দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষকেরা বলেন, জৈবিক বিবর্তন যেভাবে ঘটে, সেভাবেই মা রোবট তার শিশুদের মধ্যে সেরা বৈশিষ্ট্যগুলোর খোঁজ করেছে। এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের রোবটে ব্যবহার করে তা উন্নত করার চেষ্টা চালিয়েছে মা রোবট।
এই মা রোবটটি দেখতে রোবটিক বাহুর মতো। এই রোবট সিস্টেম নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পাঁচটি ভিন্ন ভিন্ন পরীক্ষা চালান।
গবেষকেরা বলেন, পরীক্ষার সময় এই রোবট বাহুটি দশটি প্রজন্মের শিশু রোবট তৈরি করেছে। এই রোবট শিশুগুলো তৈরি হয়েছে প্লাস্টিক কিউব ও মোটর দিয়ে।
গবেষকদের তথ্যমতে, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কোনো মানুষ বা কম্পিউটারের সাহায্য নেওয়া হয়নি। শুধু প্রাথমিকভাবে এই রোবট মাকে প্লাস্টিক কিউব ও ক্ষুদ্র মোটর দিয়ে শিশু রোবট তৈরির কমান্ড দেওয়া হয়েছিল। যে রোবট শিশুটি দ্রুতগতিতে চলতে পারবে এবং বেশিক্ষণ টিকে থাকবে সেটি রেখে দেওয়ার পরীক্ষা করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রথম প্রজন্মের চেয়ে পরবর্তী প্রজন্মের রোবটগুলো বেশি টেকসই হয়েছে।
গবেষকেরা বলেন, মানুষের মতো প্রতিটি রোবটে একটি করে ‘জিনোম’ ছিল, যা বিভিন্ন জিন থেকে তৈরি। যেভাবে একেক প্রজন্ম তৈরি হচ্ছিল এসব জিনোম থেকে কার্যকর জিনোমগুলো খুঁজে বের করে তা কাজে লাগিয়েছে রোবট মা।
গবেষক ফুমিয়া লিডা বলেন, ‘প্রাকৃতিক নির্বাচনই মূলত প্রজনন-মূল্যায়ন চক্রটির মূল। রোবটও এই কাজটিই করেছে। আমরা প্রজাতির উন্নয়ন ও ভিন্নতার বিষয়টি এভাবেই দেখতে পারি।’
পরীক্ষার সময় শিশু রোবটগুলোর মধ্যে নির্দিষ্ট সময়ে কোনটি কত দূর যেতে পেরেছে, তা পর্যবেক্ষণ করেন গবেষকেরা। যে রোবটগুলো টিকে গেছে, সেগুলো রেখে দিয়েছেন তাঁরা। যেগুলো টেকসই নয়, সেগুলো অকেজো করে ফেলেছেন।
গবেষকদের দাবি, মানুষের কীভাবে বিবর্তন ঘটেছে, রোবটের বিবর্তনের এই পরীক্ষা এ ব্যাপারে তাঁদের কিছুটা ধারণা দেবে।