মাইক্রোসফটের নানারকম প্রযুক্তির ভেতরকার খবর একা কারও পক্ষে ঠিকমতো অনুসরণ করা কঠিন এক কাজ। যাঁরা পড়তে ভালোবাসেন, প্রযুক্তির সঠিক দিকনির্দেশনা নিয়ে নিজের কারিগরি জ্ঞান ঝালাই করতে চান, তাঁদের জন্য ব্যাপারটা খুশিরই। মাইক্রোসফটের তিন শতাধিক ই-বুক, রিসোর্স গাইড, কারিগরি বই পাওয়া যাচ্ছে বিনা মূল্যে। মাইক্রোসফটের বিক্রয় কর্মকর্তা এরিক লিগম্যান সবগুলো বই তালিকাবদ্ধ করে মাইক্রোসফট ডেভেলপারস নেটওয়ার্কের এক ব্লগে সেগুলো নামিয়ে নেওয়ার ওয়েব ঠিকানা প্রকাশ করেছেন।
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭ থেকে শুরু উইন্ডোজ ৮.১, শেয়ারপয়েন্ট, ডাইনামিক্স, অফিস—সব সফটওয়্যারের বই পাওয়া যাবে নামানোর জন্য। তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের প্রতিনিয়ত কাজে লাগে এমন বই তো আছেই, যাঁরা নিজে নিজেই মাইক্রোসফটের বিভিন্ন প্রযুক্তির উন্নত কারিগরি কৌশল শিখতে চান, তাঁদের জন্য এসব বই বেশ কাজে লাগবে। যেমন উইন্ডোজ সাতের পাওয়ার ইউজার গাইড, কি-বোর্ড শর্টকাট অথবা উইন্ডোজ ৮.১ পরিচালনা করার বইগুলো যে কারও উপকারে আসবে। অফিস ২০১৩, অফিস ৩৬০, শেয়ারপয়েন্ট, সিআরএম, পাওয়ারশেল, আউটলুকের ব্যবহার নিয়েও অনেক বই আছে। প্রযুক্তিপ্রেমীরা নিজেদের আগ্রহ থাকা বিষয়ের ওপর বইগুলো সংগ্রহ করে রাখতে পারেন। আগেই বলা হয়েছে, তালিকায় থাকা বইগুলো সবই বিনা মূল্যে নামানো যাবে। ঠিকানা: (http://goo.gl/q4Kb6d) ।