মাইক্রোসফটের সদর দপ্তর আরও আধুনিক হচ্ছে

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সদর দপ্তর এলাকাটি আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরামর্শ দিয়েছেন একদল প্রকৌশলী। এ প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ডে ৫০০ একরজুড়ে বিস্তৃত ওই এলাকায় জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক খরচ কমে আসবে।
বর্তমানে বিভিন্ন দপ্তরের কার্যালয়ে ব্যবহৃত উপকরণ যেমন: টেবিল, চেয়ার, দরজা-জানালা ইত্যাদিতে ইন্টারনেট সংযোজনের মাধ্যমে বিপুল তথ্য-উপাত্ত সংগ্রহের প্রক্রিয়া কেউ কেউ অনুসরণ করছেন। তবে মাইক্রোসফটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের দলটি এমন প্রক্রিয়ার বদলে তথ্যনির্ভর একটি সফটওয়্যার উদ্ভাবন করেছেন। এটি ওই ক্যাম্পাসের ১২৫টি ভবন পরিচালনার খরচ অনেক কমিয়ে আনতে পারবে বলে তাঁরা দাবি করছেন। লাখ লাখ মার্কিন ডলার সাশ্রয় করে দেওয়ার উপযোগী ওই সফটওয়্যারটির কার্যকারিতা এতটাই বেশি যে বিশ্বের বিভিন্ন স্থানে মাইক্রোসফটের বিভিন্ন অংশীদারও একই ধরনের ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। বাণিজ্যিক ভবনগুলো পরিচালনায় বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানির আনুমানিক ৪০ শতাংশ খরচ হয়ে যায়। এই পরিমাণটা নিঃসন্দেহে অনেক বেশি।
মাইক্রোসফটের সুযোগ-সুবিধা এবং জ্বালানি বিভাগের পরিচালক ড্যারেল স্মিথ প্রতিষ্ঠানটির রেডমন্ড ক্যাম্পাসে গাছপালায় আচ্ছাদিত ওই ৫০০ একরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে নিয়মিত বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন। তাঁর পরিকল্পনায় রয়েছে ৪১ হাজার ৬৬৪ কর্মীর ওই ক্যাম্পাসটিকে বিশ্বের সবচেয়ে স্মার্ট করপোরেট কর্মক্ষেত্রে রূপান্তর করার বিষয়টি। সহযোগীদের নিয়ে তিনি তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন প্রযুক্তির উৎকর্ষের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত সংবেদী যোগাযোগব্যবস্থাকে (নেটওয়ার্ক অব সেন্সরস) একীভূত করার জন্য।

স্মিথ ও তাঁর সহযোগীরা একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছেন, যা হাজার হাজার হিটার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, পাখা ও বাতি প্রভৃতি অনুসরণ করার জন্য হাজার হাজার সেন্সরকে সংযুক্ত করবে। আর এ প্রক্রিয়ায় প্রতি সপ্তাহে শত কোটি তথ্য-উপাত্ত সংগৃহীত হবে। সেগুলো বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের নানা সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি, সমস্যা নিরূপণ এবং সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। প্রোগ্রামটি মাইক্রোসফটের ১৩টি ভবনে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে বিস্ময়কর ফল পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানের জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ব্যবস্থাপনা ও উপযোগের ব্যয়ও কমে লাখ লাখ মার্কিন ডলার।
স্মিথ বলেন, ‘আমাকে সামান্য তথ্য-উপাত্ত দিন, আমি আপনাকে সামান্যই বলব। আর বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত দিলে গোটা পৃথিবীর সাশ্রয় করতে পারব।’
২০০৮ সালের ডিসেম্বরে মাইক্রোসফটে যোগ দিয়ে স্মিথ এমন কিছু কারিগরি সহায়তা পেয়েছেন, যা আগে পাননি। ফলে প্রতিষ্ঠানের ভবনগুলো অত্যাধুনিক করে তুলতে নিজের বিভিন্ন ভাবনা বাস্তবায়নের বিশাল সুযোগ তৈরি হয় তাঁর জন্য। স্মার্ট ভবন তৈরি করার ব্যাপারটা তাঁর অনেক দিনের স্বপ্ন। তিনি বলেন, স্মার্ট ভবনগুলো হবে একেকটি স্মার্ট শহরের মতো। আর স্মার্ট শহরগুলো বদলে দেবে সবকিছু।
সূত্র: মাইক্রোসফট।