মাইক্রোসফট আনছে উইন্ডোজ হ্যালো

উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমে বায়োমেট্রিক সাইন-ইন এর সুবিধাসহ নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন ফিচারটির নাম উইন্ডোজ হ্যালো। এতে উইন্ডোজ ফোন, ল্যাপটপ ও ডেস্কটপে নিজের মুখ, চোখের মণি বা আঙুল স্ক্যান করে পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা কার্যকর করতে পারবেন ব্যবহারকারীরা। খবর রয়টার্সের।
মাইক্রোসফট জানিয়েছে, নির্দিষ্ট ডিভাইসে মুখ, চোখের মণি বা আঙুল স্ক্যান করে নিজের পরিচয় সংরক্ষণ করবেন ব্যবহারকারীরা। পরে এটাই ডিভাইসটিতে সাইন করার জন্য পাসওয়ার্ডের মতো কাজ করবে। উইন্ডোজ-১০ ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য স্থানীয়ভাবে যার যার ডিভাইসেই বেনামে সংরক্ষিত থাকবে। হ্যাকারদের কাছ থেকে ব্যক্তিগত তথ্যাবলি নিরাপদ রাখতে সহায়ক হবে উইন্ডোজ হ্যালো নামের এই প্রযুক্তিটি।
উইন্ডোজ হ্যালো নামের এই সুবিধা কেবল নির্দিষ্ট কিছু নতুন ডিভাইসেই ব্যবহার করা যাবে। চিপ প্রস্তুতকারী ইনটেল জানিয়েছে, তাদের তৈরি ‘রিয়েলসেন্স এফ ২০০’ সেন্সর রয়েছে এমন সব মেশিনেই চলবে উইন্ডোজ হ্যালো।
পণ্য ব্যবহারকারীদের আরও বেশি করে ব্যক্তিগত ক্রিয়া-প্রতিক্রিয়ার সুবিধা দেওয়ার লক্ষ্যে মাইক্রোসফটের সর্বশেষ প্রচেষ্টা এই উইন্ডোজ হ্যালো। প্রতিষ্ঠানটি আশা করছে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের সঙ্গে পাল্লা দিতে উইন্ডোজ ফোনকে আরও জনপ্রিয় করার কাজে সহায়তা করতে পারে এমন নতুন সুবিধা।