মাইক্রোসফট আনছে ‘ উইন্ডোজ আরটি ট্যাব’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন ট্যাবলেট কম্পিউটার নিয়ে মেতে আছে। বর্তমান সময়টাকে প্রযুক্তি বিশ্লেষকেরাও ট্যাবলেট কম্পিউটারের যুগ হিসেবেই উল্লেখ করছেন। অথচ এই ট্যাবলেট যুগে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের কোনো অংশগ্রহণ নেই! বিষয়টিকে আর সেভাবে ভাবার কোনো অবকাশ থাকছে না। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফটের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’-চালিত একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে মাইক্রোসফট।মাইক্রোসফটের পক্ষ থেকে যদিও নতুন ট্যাবলেট বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তার পরও প্রযুক্তিবিশ্বে মাইক্রোসফটের উইন্ডোজ ট্যাবলেটটি নিয়ে হইচই পড়ে গেছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের আইপ্যাড ‘ঘাতক’ হিসেবে নতুন ট্যাবলেটটি তৈরি করবে মাইক্রোসফট। কারণ উইন্ডোজ ৮-নির্ভর ট্যাবলেট তৈরি করে স্যামসাং বা হিউলেট প্যাকার্ডের (এইচপি) মতো প্রতিষ্ঠানগুলো আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল জানিয়েছে, বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ১৮ জুন লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মাইক্রোসফট। এই অনুষ্ঠানে মাইক্রোসফট তাদের ট্যাবলেটের ঘোষণা দিতে পারে।গেম কনসোলের বিভিন্ন প্রযুক্তি ও বর্তমানে গবেষণাগারে থাকা বেশ কিছু প্রযুক্তি নতুন ট্যাবলেটটিতে যুক্ত করতে পারে মাইক্রোসফট।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১০ সালের আগে ‘কুরিয়ার’ নামে ডুয়াল টাচ স্ক্রিন ও ভাঁজ করার যায়—এমন হাইব্রিড ট্যাবলেট তৈরির কাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু আইপ্যাড বাজারে আসায় কুরিয়ার প্রকল্প বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানে ‘উইন্ডোজ আরটি’ নামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণনির্ভর একটি ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিয়ে কুরিয়ারের পুনর্জন্ম দিতে পারে প্রতিষ্ঠানটি।বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ট্যাবলেট যথেষ্ট সাশ্রয়ীই হবে। তবে বাজারে অ্যাপলের আইপ্যাড ও অ্যান্ড্রয়েড-নির্ভর বিভিন্ন ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মাইক্রোসফটের ট্যাবলেটকে।