মাইক্রোসফট আনছে ‘এক্সবক্স ওয়ান’
অনেক জল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে মাইক্রোসফট সম্প্রতি তাদের পরবর্তী প্রজন্মের নতুন গেম খেলার যন্ত্রের ঘোষণা করল। মাইক্রোসফটের এই নতুন যন্ত্রের নাম হচ্ছে ‘এক্সবক্স ওয়ান’। ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট বিজনেস ফর মাইক্রোসফটের প্রেসিডেন্ট ডন ম্যাট্রিক এক্সবক্স ওয়ানের ঘোষণা দেন। তাঁর মতে, এই এক্সবক্স ওয়ান এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে গেমাররা একের মধ্যে সবকিছুর সুবিধা উপভোগ করতে পারবে। গেম খেলা, টিভি দেখা এবং বিনোদনের সব ব্যবস্থাই থাকছে এই এক্সবক্স ওয়ানে। এর আগে এক্সবক্সের শেষ সংস্করণ এক্সবক্স ৩৬০ বের হয়েছিল আট বছর আগে অর্থাৎ ২০০৫ সালের ২২ নভেম্বর। এর বিক্রি হয়েছে গত সাত বছরে ৭ কোটির বেশি। মাইক্রোসফটের নতুন এই এক্সবক্স ওয়ান পণ্যটি গেমারদের একসঙ্গে অনেক কাজ করার সুবিধা করে দেবে। তার মানে গেমাররা এখন থেকে গেম খেলার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজ যেমন সিনেমা দেখা, টিভি দেখা এবং গেমও খেলতে পারবে। এক্সবক্স ওয়ানে ভয়েস অ্যাক্টিভেশন ফিচারটি যুক্ত করা হয়েছে অর্থাৎ ভয়েসের মাধ্যমে এক্সবক্স ওয়ান চালু করা যাবে, সক্রিয় করা যাবে, এমনকি হোম স্ক্রিনেও ফিরে যাওয়া যাবে। কেউ ইচ্ছা করলে অঙ্গভঙ্গির মাধ্যমেও এক্সবক্স ওয়ান চালাতে পারবেন।চলতি বছরের শেষ দিকে এটি বাজারে আসতে পারে। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা