মাইক্রোসফট আনবে ভবিষ্যৎ প্রযুক্তির গ্লাস ও হেলমেট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সম্প্রতি দুটি নতুন প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করেছে। পেটেন্ট আবেদনে ভারচুয়াল বস্তুকে বাস্তবে উপলব্ধি করা সম্ভব হবে এমন নতুন প্রযুক্তির কথা বলা হয়েছে। এর একটি হচ্ছে ভারচুয়াল রিয়েলিটি গ্লাস ও অপরটি হচ্ছে গেমিং হেলমেট। অবশ্য ভারচুয়াল রিয়েলিটি গ্লাসের প্রযুক্তিটি গুগল তৈরি করছে বলে আগেই খবর চাউর হয়েছে। পিসি ম্যাগ এক খবরে জানিয়েছে, ভবিষ্যতের মোবাইল ডিভাইস ও গেম কনসোল এক্সবক্স ৩৬০-এর জন্য নতুন প্রযুক্তির গ্লাস ও হেলমেট তৈরি করবে মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রথম পেটেন্ট আবেদনটিতে এক ধরনের হেলমেটের কথা বলা হয়েছে, যাতে চোখের ওপর গ্লাস বসানো থাকবে। ফলে গেমার নিজেকে গেমের একজন চরিত্র হিসেবে ভাবতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে, সানগ্লাসের মত; চোখে পরার যন্ত্র। এ গ্লাস হবে স্বচ্ছ; যা চোখে ডিসপ্লে হিসেবে ছবি, টেক্সট ও ভিডিও দেখাবে । মাইক্রোসফটের স্মার্টফোন, মিডিয়া প্লেয়ার ও অন্যান্য মোবাইল ডিভাইসের মতই এ গ্লাস বা হেলমেট কাজ করবে ও মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমে চলবে। প্রযুক্তিপণ্য ছাড়াও মাইক্রোসফটের এ ডিভাইসগুলো সাধারণ হেলমেট বা সানগ্লাস হিসেবেও ব্যবহার করা যাবে। ডিভাইসগুলোর প্রযুক্তি হিসেবে ভারচুয়াল ইমেজ প্রজেক্টর ব্যবহূত হবে, যা লেজারের সাহায্যে ছবি দেখানোর বিষয়টি নিয়ন্ত্রণ করবে।উল্লেখ্য, মাইক্রোসফট ছাড়াও গুগল এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। সম্প্রতি গুগল টার্মিনেটরের মতো দেখতে এইচইউডি গ্লাস তৈরি করছে বলেই খবর রটেছে। অ্যান্ড্রয়েড-চালিত এই গ্লাস চোখের ক্ষেত্রে অ্যামোলিড ডিসপ্লে হিসেবে কাজ করবে।