মাইক্রোসফট আয়োজিত অ্যাপাথনে বিজয়ী নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট ‘ক্যাম্পাস অ্যাপাথন’ প্রতিযোগিতায় বিজয়ী নয়জন পুরস্কার হিসেবে পেলেন নকিয়ার লুমিয়া স্মার্টফোন। মাইক্রোসফটের স্টুডেন্ট পার্টনারদের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয়ভিত্তিক অ্যাপস তৈরির এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়।

ঢাকার মাইক্রোসফট বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে তিনটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চসংখ্যক মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) নির্মাতা এই নয়জনের হাতে পুরস্কার তুলে দেন মাইক্রোসফটের টেকনিক্যাল ইভানজেলিস্ট তানজিম সাকিব। পুরস্কার বিজয়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সৈয়দ মনওয়ার ইসলাম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বাংলা ভাষায় সর্বোচ্চ ১১টি অ্যাপস তৈরি করেন। এ ছাড়া একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও মুরাদ চৌধুরী নয়টি করে অ্যাপস তৈরি করে। আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আতিফুল আফতাব, মুহাম্মাদ আরমান এবং তানভীর সৌরভ প্রত্যেকেই ছয়টি করে অ্যাপস তৈরি করেন। অন্যদিকে ইনডিপেন্ডেন্ট ইনভার্সিটি অব বাংলাদেশ থেকে শাহরিন শবনম ও সাইফুল ইসলামও পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নার্ডক্যাটস দলের দলনেতা স্বাগত প্রতীক এবং বিডি ডেভস দলের দলনেতা রাহাত ইয়াসির।

গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পার্টনারদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক দিনের অ্যাপ তৈরির এই প্রতিযোগিতায় তিনটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ২৬১টি উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ৮ অ্যাপস অনলাইন স্টোরে জমা পড়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে মাইক্রোসফটের আরও একটি প্রতিযোগিতা ‘টেক এলিট’র বাংলাদেশের প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। মাইক্রোসফট ভার্চুয়াল একাডেমিতে নিবন্ধিত যেসব শিক্ষার্থী বেশিসংখ্যক প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদেরই এই টেক এলিট সনদ দেওয়া হয়।

—নিজস্ব প্রতিবেদক