মাইক্রোসফট ওপেন লাইসেন্সের পরিবেশক হলো স্মার্ট

দেশের প্রযুক্তিপণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিসকে ওপেন লাইসেন্সিং প্রোগ্রামের অনুমোদিত পরিবেশকের অনুমোদন দিয়েছে মাইক্রোসফট। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মাইক্রোসফট স্মার্ট মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসকে লিখিত অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসাইন, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বেরুনিসহ স্মার্টের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জহিরুল ইসলাম বলেন, ‘২০১২ সাল থেকে আমরা বাংলাদেশ, নেপাল ও ভুটানের বাজারে মাইক্রোসফট পণ্যের সরবরাহকারী হিসেবে কাজ করছি। এর আগে ওইএম ও এফপিপি লাইসেন্সিং নিয়ে কাজ করলেও এবার আমাদের ওএলপি(ওপেন লাইসেন্সিং প্রোগ্রাম) পণ্য পরিবেশকের অনুমোদন দিয়েছে মাইক্রোসফট।’
এই লাইসেন্সিং প্রোগ্রামের মাধ্যমে দেশের এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানসহ সব ধরনের গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মাইক্রোসফট পণ্যের ব্যবস্থাপক মীরশাদ হোসেন।