মাইক্রোসফট ছাড়লেন সিনোফস্কি
মাইক্রোসফট ছাড়লেন সিনোফস্কিঅনলাইন ডেস্কমাইক্রোসফট ছাড়লেন প্রতিষ্ঠানটির উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি। ১৩ নভেম্বর এ ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।অবশ্য সিনোফস্কির উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ উল্লেখ করেনি মাইক্রোসফট। উইন্ডোজ সফটওয়্যারের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ আসার অল্প কিছুদিনের ভিতরেই এ প্রতিষ্ঠানটির তরফে এ ঘোষণা এল। উইন্ডোজ সফটওয়্যার ও হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনোফস্কির স্থলাভিষিক্ত হবেন প্রকৌশলী জুলি লারসন-গ্রিন। মাইক্রোসফট থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে সিনোফস্কি জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন ক্ষেত্রে কাজে লাগাতে চান তিনি, তাই নতুন ধরনের সুযোগ খুঁজছেন । মাইক্রোসফট ছেড়ে স্টিভেন সিনোফস্কির চলে যাওয়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বলমার জানিয়েছেন, মাইক্রোসফটে দীর্ঘদিন স্টিভেন যে অবদান রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তাঁর এ সাফল্য ধরে রাখতে মাইক্রোসফটের বিভিন্ন দল একসঙ্গে কাজ করবে এবং দ্রুত উন্নয়ন ও সমন্বয়ে কাজ অব্যাহত রাখবে।২০০৯ সাল থেকে উইন্ডোজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সিনোফস্কি। মাইক্রোসফটের উইন্ডোজ ভিসতা ব্যর্থ হওয়ার পর তাঁর হাত থরেই জনপ্রিয় উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ তৈরি হয়েছে।প্যাসিফিক ক্রেস্ট সিকিউরিটিজের বিশ্লেষক ব্রেন্ডন বার্নিকেল এ প্রসঙ্গে জানিয়েছেন, সিনোফস্কির চলে যাওয়া দুঃখজনক ও আশ্চর্যের বিষয়। স্টিভ বলমারের সাফল্যের উত্তরসূরি হিসেবে মনে করা হত তাঁকে।