মাইক্রোসফট থেকে বিদায় নিচ্ছেন স্টিভ বালমার

শীর্ষ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ বালমার আগামী এক বছরের মধ্যে ওই প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। চারদিকে মোবাইলযন্ত্রের বাজারের যখন রমরমা অবস্থা, সে সময় মাইক্রোসফটের এ ব্যাপারে অনেকটা নিষ্ক্রিয় হয়ে বসে থাকার জন্য বিনিয়োগকারীদের সমালোচনার মুখে পড়েন স্টিভ বালমার।
বিনিয়োগকারীদের অভিযোগ, মোবাইলযন্ত্র উদ্ভাবনের ক্ষেত্রে অ্যাপল ও গুগল যেভাবে এগিয়ে গেছে, সেভাবে এগোয়নি মাইক্রোসফট। আর এরই পরিপ্রেক্ষিতে তিনি মাইক্রোসফট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে দেওয়া এক বিবৃতিতে বালমার বলেন, মাইক্রোসফট ছেড়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। প্রতিষ্ঠানটির এখন প্রয়োজন নতুন একজন প্রধান নির্বাহী কর্মকর্তার, যিনি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানকে সঠিক দিকনির্দেশনা দেবেন।
মাইক্রোসফট নতুন সিইও খোঁজার জন্য ইতিমধ্যে বিশেষ একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যদের মধ্যে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও রয়েছেন। সম্ভাব্য সিইওর একটি তালিকা তৈরি করেছে এই কমিটি। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন মাইক্রোসফট কর্মকর্তা সত্য নাদেলা, টনি বেটস, ট্যামি রেলার, কেভিন টার্নার, নকিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ, উইন্ডোজের সাবেক প্রধান স্টিভেন সিনোফস্কি ও জুনিপারের সাবেক সিইও কেভিন জনসন। ২০০০ সালে বিল গেটস মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর পর স্টিভ বালমার তাঁর স্থলাভিষিক্ত হন। এ দুজনের পরিচয় হয় ১৯৭৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। ১৯৮০ সালে বালমার মাইক্রোসফটে যোগ দেন। —বিবিসি ও সিনেট অবলম্বনে রোকেয়া রহমান