মাইক্রোসফট থেকে ১ লাখ ডলারের পুরস্কার পেলেন হ্যাকার

মাইক্রোসফটের ব্রাউজারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করায় যুক্তরাজ্যের এক হ্যাকারকে এক লাখ ডলার পুরস্কার দিয়েছে মাইক্রোসফট।
জেমস ফরশ নামের ওই হ্যাকার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে এমন একটি ত্রুটি শনাক্ত করেছেন যা মাইক্রোসফটের অন্যান্য সফটওয়্যারে আক্রমণের সুযোগ করে দিতে সক্ষম ছিল। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, জেমস ফরশ যে মারাত্মক নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেয়েছেন তার বিস্তারিত প্রকাশ করেনি মাইক্রোসফট। এখন এ নিরাপত্তা দুর্বলতা দূর করতে সফটওয়্যার আপডেট আনার কথা ভাবছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
চলতি বছরের জুন মাসে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের নিরাপত্তা দুর্বলতা বের করতে পারলে বড় অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিল মাইক্রোসফট। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কনটেক্সট ইনফরমেশন সিকিউরিটির প্রধান নিরাপত্তা গবেষক ফরশ এই ঘোষণা অনুযায়ী নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন।|
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যারে হ্যাকিং রোধ করতে মাইক্রোসফট বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করে। সফটওয়্যারের ত্রুটি বের করার জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণাও দিয়ে থাকে। ফরশ যে ত্রুটি বের করেছেন তা মাইক্রোসফটের সফটওয়্যারকে আরও নিরাপদ করতে সাহায্য করবে।