মাইক্রোসফট পিক্সে পাওয়া যাবে ভালো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েকটি ছবি পরপর তুলে মাইক্রোসফট পি​ক্স বেছে নেবে ভালো ছবিটি
কয়েকটি ছবি পরপর তুলে মাইক্রোসফট পি​ক্স বেছে নেবে ভালো ছবিটি

রং নাকি কম্পোজিশন—ভালো ছবির জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্নটা যদি মাইক্রোসফটের উদ্দেশে হয়, তবে তারা তৃতীয় একটি উত্তর দিতে পারে। সেটা হলো, পিক্সেল। যার প্রমাণ মাইক্রোসফটের নতুন ফটো অ্যাপ ‘মাইক্রোসফট পিক্স’। ছবি তোলার জন্য ১০টি ফ্রেম ধারণ করে এই অ্যাপ। এরপর সবচেয়ে ভালো পিক্সেলের ছবিটি বাছাই করে উপস্থাপন করে ব্যবহারকারীর সামনে।
মাইক্রোসফট পিক্স আপাতত শুধু আইফোনে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটির কোনো সংস্করণ প্রকাশ করা হবে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি। আইফোন ৫এস ও পরবর্তী সংস্করণের জন্য ২৭ জুলাই থেকে অ্যাপ স্টোরে (http://apple.co/2atb4lj) বিনা মূল্যে পাওয়া যাচ্ছে মাইক্রোসফট পিক্স। সেরা ছবি পেতে মাইক্রোসফট রিসার্চের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। অ্যাপলের সর্বশেষ আইসাইট ক্যামেরা কিংবা থ্রিডি টাচ সুবিধা ব্যবহার না করেই অ্যাপটি এমন কিছু উপাদান চিহ্নিত করতে পারে, যা সর্বোত্তম ছবি তো বটেই, চমৎকার ভিডিও ধারণেও সাহায্য করে। তাই বলে অ্যাপলের বিল্ট-ইন ক্যামেরা প্রতিস্থাপনের চেষ্টা এই অ্যাপ করে না।

অনেকগুলো ফ্রেম একসঙ্গে ধারণ করার মতো করেই মাইক্রোসফট পিক্সের নকশা করা হয়েছে, যাতে ছবিতে আপনি সেরা মুহূর্তটি পান। অ্যাপ চালু করলে এর ফ্রেমগুলো কাঁপতে থাকে। কারণ হিসেবে মাইক্রোসফট বলছে, মানুষ প্রায়ই ভালো মুহূর্তগুলো ধারণ করতে পারে না। তাই ছবি তোলার জন্য ফোনটি উঁচুতে ধরতে হবে এবং এরপর শাটার বোতাম চাপতে হবে। ভালো ছবি তোলার জন্য শাটার বোতামে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয়। মাইক্রোসফটের এই বক্তব্য সত্যি কি মিথ্যা, তা যাচাইয়ের সুযোগ আপাতত নেই। তবে মাইক্রোসফটের উদ্দেশ্য পরিষ্কার হয়। কাঙ্ক্ষিত ফ্রেম ধারণের আগে ও পরে মাইক্রোসফট পিক্স পর্যাপ্ত সময় পায় অপেক্ষাকৃত ভালো ছবি পেতে।

আইফোন ব্যবহারকারীরা বলছেন মাইক্রোসফট পিক্স ব্যবহারে তাঁরা অপেক্ষাকৃত ভালো ফল পেয়েছেন। ছবিগুলো পরিষ্কার, উজ্জ্বল বলে তাঁরা জানিয়েছেন।

অনামিকা মণ্ডল, সূত্র: ম্যাশেবল