শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটকে দীর্ঘদিন পর আয়ের দিক দিয়ে পেছনে ফেলেছে শতবর্ষী প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। ১৯৯৬ সালের পর এবারই প্রথম মাইক্রোসফটকে পেছনে ফেলেছে আইবিএম। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এক আয়ের বিবরণীতে দেখা গেছে, আইবিএমের আয়ের পরিমাণ ২১ হাজার ৪০০ কোটি টাকা, যেখানে মাইক্রোসফটের আয় ২১ হাজার ৩২০ কোটি টাকা। আয়ের এমন অবস্থায় আইবিএম বর্তমানে দ্বিতীয় বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আয়ের দিক দিয়ে শীর্ষে আছে অ্যাপল, যাদের আয়ের পরিমাণ ৩৬ হাজার ২০০ কোটি টাকা। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টার রিসার্চের গবেষক টেড স্কেডলারের মতে, প্রযুক্তি বাজারে আইবিএম বিশেষ জায়গায় আছে, যারা প্রযুক্তি খাতে কম্পিউটারের প্রয়োজনীয়তা কেমন এবং বর্তমানে কিসের চাহিদা বেশি, সে বিষয়গুলো ভালো বোঝে। আর তাতেই সফল হচ্ছে আইবিএম। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই আইবিএমের শেয়ারের দাম বেড়েই চলছে, যার হার ২২ শতাংশ। একই সময়ে মাইক্রোসফটের শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৮ শতাংশ। এর পেছনের কারণ হিসেবে জানা গেছে, ছয় বছর আগে আইবিএম পিসি বিজনেস বিক্রি করে দেয় চীনের একটি প্রযুক্তিপণ্য তৈরি প্রতিষ্ঠানের কাছে। আর শুরু করে করপোরেট সফটওয়্যার ও সার্ভিস তৈরির কাজ। অন্যদিকে মাইক্রোসফট সফটওয়্যারের পাশাপাশি অনলাইন বিজ্ঞাপন ও গেমস তৈরির দিকে নজর দেয়। তবে আয়ের বড় একটি অংশ এখনো সফটওয়্যার খাত থেকেই পায় মাইক্রোসফট। গত বছরে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ বাজারে আসে এবং উইন্ডোজ ৮ আগামী বছর বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমানে স্মার্টফোন আর ট্যাবলেটের যুগে পিসির চাহিদা অনেক কমে গেছে। তাই শীর্ষ এ দুটি প্রতিষ্ঠানই জোর দিচ্ছে সফটওয়্যারসহ অন্যান্য বিভিন্ন সেবাভিত্তিক কাজকে। —বিবিসি