মাইক্রোসফটে অটিস্টিকদের কাজের সুযোগ

অটিস্টিকদের পূর্ণকালীন কর্মী হিসেবে নিয়োগ দিতে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট সম্প্রতি একটি পরীক্ষামূলক কর্মসূচি (পাইলট প্রোগ্রাম) গ্রহণ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের রেডমন্ডে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে তাঁদের কাজের সুবিধা দেবে মাইক্রোসফট। সম্প্রতি একটি ব্লগ পোস্টে মাইক্রোসফটের ওয়ার্ল্ডওয়াইড অপারেশনসের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ম্যারি এলেন স্মিথ মাইক্রোসফটের এই কর্মসূচির কথা জানিয়েছেন।
অটিস্টিকদের নিয়োগ দেওয়া প্রসঙ্গে ম্যারি লিখেছেন, অটিস্টিক মানুষগুলোর মধ্যে কিছু অনন্য প্রতিভা থাকে যা প্রযুক্তিক্ষেত্রের মতো কর্মক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে। তাঁদের নিয়োগ দেওয়ার পেছনে যুক্তিটা খুব সহজ। আমরা যখন সবার জন্য সুযোগ বর্ধিত করি তখনই মাইক্রোসফট আরও শক্তিশালী হয়ে ওঠে। আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী আছেন যাঁরা আমাদের গ্রাহকদের প্রতিনিধিত্বই করেন।
ম্যারি আরও জানিয়েছেন, মাইক্রোসফটকে আমরা যে ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই অটিস্টিকদের নিয়োগের মাধ্যমে তা অর্জন করা যাবে। কারণ তাঁরা প্রতিজনই অনন্য। হয়তো কারও আছে তথ্য মনে রাখার দারুণ সক্ষমতা আবার কারও বা কোনো বিষয়ের গভীরতা অনুধাবন করার বা কোডের মতো বিষয় মনে রাখার দারুণ প্রতিভা রয়েছে। মাইক্রোসফটে আমরা এ ধরনের ট্যালেন্ট পুল যুক্ত করতে চাই।