মাইক্রোসফটে আরও রদবদল

বড় ধরনের রদবদল হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটে। মাইক্রোসফট ছেড়ে যেতে পারেন প্রতিষ্ঠানটির দুই শীর্ষ কর্মকর্তা। মাইক্রোসফটের ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান টনি বেটস ও মার্কেটিং বিভাগের প্রধান টামি রেলার এ সপ্তাহের মধ্যেই মাইক্রোসফটের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড ডটকমে এ তথ্য প্রকাশ করেছে। রিকোডের বরাত দিয়ে সিনেট জানিয়েছে, শিগগিরই মাইক্রোসফটে বড় ধরনের রদবদল ঘটতে পারে। মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রিকোড তাদের প্রতিবেদনে জানিয়েছে, টনি বেটস ও টামি রেলার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।
অবশ্য মাইক্রোসফট ছেড়ে তারা কোথায় যোগ দেবেন সে বিষয়ে এখনই কিছু বলছেন না তাঁরা, কিন্তু টনির জায়গায় কে আসছেন সেটি জানা গেছে। টনি বেটসের জায়গা নেবেন মাইক্রোসফটের অ্যাডভান্সড স্ট্র্যাটেজি বিভাগের কর্মকর্তা এরিক রাডার। টামি রেলারের জায়গায় আসবেন মার্কেটিং বিভাগের নির্বাহী ক্রিস ক্যাপোসেলা।
সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা। স্টিভ বলমার মাইক্রোসফটের পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রতিষ্ঠানটিতে বড় ধরনের রদবদল এসেছে। মাইক্রোসফটের চেয়ারম্যানের পদ থেকে সরে গেছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সেখানে তাঁর পদে এসেছেন আইবিএমের সাবেক কর্মকর্তা জন থম্পসন।
সত্য নাদেলার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরমধ্যে বেশ কিছু রদবদল এসেছে। মাইক্রোসফটের হার্ডওয়্যার উন্নয়ন বিভাগের প্রধান পদ থেকে সরে গেছেন জুলি লারসন গ্রিন। তিনি অ্যাপ্লিকেশন ও সার্ভিস বিভাগে যুক্ত হয়েছেন।
প্রসঙ্গত, টনি বেটস ও লারসন-গ্রিন মাইক্রোসফটের প্রধান নির্বাহীর পদটির জন্য নাদেলার প্রতিদ্বন্দ্বী ছিলেন।