মাইক্রোসফটে জুলির উত্থান!

একসময় মাইক্রোসফট থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন জুলি লারসন গ্রিন। সেই জুলিই এখন মাইক্রোসফটের শীর্ষ কর্মকর্তাদের একজন হয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ দেখবেন। উইন্ডোজ ও হার্ডওয়্যার বিভাগের দায়িত্ব পেয়েছেন তিনি। এবার শুধু একটা পদই বাকি, মাইক্রোসফটের প্রধান নির্বাহী! জুলি লারসন গ্রিন মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান। সম্ভবত তিনিই হতে যাচ্ছেন মাইক্রোসফটের ভবিষ্যত্ প্রধান। সম্প্রতি অল থিংস ডিজিটাল জানিয়েছে, মাইক্রোসফটকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বলমার। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাজ ও দায়িত্বসহ মাইক্রোসফটকে ঢেলে সাজানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। ভোক্তা-পণ্য ও ব্যবসা—দুটি দিক বিবেচনা করে প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে। আর এ দায়িত্ব পড়ছে যাঁর কাঁধে, তিনি জুলি লারসন গ্রিন। কিন্তু হঠাত্ করে মাইক্রোসফটকে ঢেলে সাজানোর প্রয়োজন পড়ল কেন? অল থিংস ডিজিটালের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান ডন ম্যাট্রিক দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে মাইক্রোসফটকে। সম্প্রতি মাইক্রোসফটের এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান ডন ম্যাট্রিক গেম নির্মাতা প্রতিষ্ঠান জিংগার প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। এর আগে ২০১২ সালে মাইক্রোসফট ছেড়ে গেছেন উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি। একে একে অভিজ্ঞ কর্মকর্তাদের হারিয়ে টালমাটাল মাইক্রোসফট উদ্ধার খুঁজছে বুদ্ধিমতী জুলির ওপর ভর করে।
কে এই জুলি
জুলি লারসন গ্রিন অনেকের কাছেই অপরিচিত একটি নাম। তবে ২০১২ সাল থেকে হঠাত্ করেই নজরে আসতে শুরু করেন মাইক্রোসফটের প্রকৌশলী জুলি। মাইক্রোসফট ছেড়ে স্টিভেন সিনোফস্কি বিদায় নেওয়ার পর উইন্ডোজ বিভাগের দায়িত্ব পান জুলি লারসন গ্রিন। মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যার ও হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে তাঁর অধীনে। তিনি সরাসরি মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমারের কাছে জবাবদিহি করবেন।
জুলি ততটা পরিচিত না হলেও মাইক্রোসফটে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মাইক্রোসফটের প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন জুলি। উইন্ডোজের সঙ্গে জড়িত আছেন এমন এক হাজার ২০০ জন প্রোগ্রাম ব্যবস্থাপক, গবেষক, কনটেন্ট ব্যবস্থাপক তাঁদের কাজের জন্য জুলির কাছে জবাবদিহি করতেন।
ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করার পরপরই মাইক্রোসফটে যোগ দেওয়ার চেষ্টা করেন জুলি। কিন্তু সে সময় তিনি মাইক্রোসফটে চাকরি পাননি। এরপর তিনি ডেস্কটপ-পাবলিশিং-সফটওয়্যার নির্মাতা আলদুসের কল লাইন সাপোর্ট টিমের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে তিনি ভিজুয়াল সি++ দলের সদস্য হিসেবে মাইক্রোসফটে যোগ দেন। সেখান থেকে যোগ দেন ইন্টারনেট এক্সপ্লোরার টিম ও ১৯৯৭ সালে ফ্রন্ট পেজ নিয়ে কাজ করার জন্য অফিস টিমের সঙ্গে; দায়িত্ব পান প্রোগ্রাম ম্যানেজারের। পরবর্তী সময়ে তিনি অফিস এক্সপি, অফিস ২০০৩ ও অফিস ২০০৭-এর ইউজার ইন্টারফেস ডিজাইন বিভাগটি পরিচালনা করেন।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী?
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রযুক্তিবাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। উইন্ডোজ ৮-এর জনপ্রিয়তায় ধীরগতি, হার্ডওয়্যার বিভাগে মাইক্রোসফটের দূরদর্শিতার অভাব—এ ধরনের সমালোচনায় বিতর্কিত হয়ে পড়েছেন মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী স্টিভ বলমার। এই পরিস্থিতিতে সবার নজর কেড়েছেন জুলি। মাইক্রোসফটের প্রকৌশলী থেকে হঠাত্ করে উইন্ডোজ বিভাগের প্রধান হয়ে যাওয়ার পর তাঁকেই ভাবা হচ্ছে মাইক্রোসফটের ভবিষ্যত্ প্রধান নির্বাহী হিসেবে। তবে জুলি এ প্রসঙ্গে জানান, স্টিভ বলমারকে হটিয়ে তাঁর জায়গা নেওয়ার কথা ভাবছেন না তিনি। আর প্রধান নির্বাহী পদটির দখল নিয়ে তাঁর তাড়াহুড়ো নেই। মাত্র এক বছরের সময় চেয়ে জুলি জানিয়েছেন, ‘আমাকে কিছুটা সময় দিন, তার পরই না হয় জিজ্ঞাসা করবেন।’
ছোটবেলায় জুলি তাঁর জীবনের লক্ষ্য সম্পর্কে লিখেছিলেন, কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করবেন। তাঁর সে স্বপ্ন পূরণ হয়েছে। তবে কোন পদটি তাঁর অভীষ্ট? হয়তো বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধানের পদটিই! অন্তত বাস্তবতা তা-ই বলছে।