মাইক্রোসফটেও রাজনীতি!
মাইক্রোসফটের সাবেক নির্বাহী জোয়াকিম কেম্পিন সম্প্রতি প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী ও তাঁর ‘রাজনৈতিক’ কার্যপদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন। তাঁর ভাষ্য, মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী স্টিভ বলমার বিশ্বের বৃহত্তম সফটওয়্যার প্রতিষ্ঠানটি চালানোর জন্য সঠিক ব্যক্তিটি নন, তিনি প্রতিষ্ঠানটিকে সঠিক নির্দেশনা দিতে পারেননি। তবে প্রতিষ্ঠানটির শীর্ষ ক্ষমতা ধরে রাখতে তিনি বিভিন্ন কূটচাল চেলেছেন। খবর রয়টার্সের।মাইক্রোসফটের সমালোচনা করে সম্প্রতি একটি বই লিখেছেন প্রতিষ্ঠানটির সাবেক এ কর্মকর্তা। বইটির নাম ‘রিসলভ অ্যান্ড ফরটিচ্যুড: ‘মাইক্রোসফট’স “সিক্রেট পাওয়ার ব্রোকার” ব্রেকস হিজ সাইলেন্স’। কেম্পিনের অভিযোগ, স্টিভ বলমার তাঁর পদ আঁঁকড়ে ধরে রাখতে সমকক্ষ অনেক ব্যবস্থাপককে কৌশলে মাইক্রোসফট থেকে বের করে দিয়েছেন। মাইক্রোসফটকে সঠিক ধারায় ফেরাতে শীর্ষ পদগুলোতে পরিবর্তন জরুরি বলেও মনে করেন কেম্পিন।১৯৮৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত মাইক্রোসফটে কাজ করেছেন কেম্পিন। প্রতিষ্ঠানটির উইন্ডোজ সফটওয়্যারের বিপণন বিভাগে কাজ করতেন তিনি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে কাজের জবাবদিহি করতেন কেম্পিন।কেম্পিন তাঁর লেখা বইটিতে মাইক্রোসফটের তৈরি প্রযুক্তিগুলোর সম্ভাবনা, যুগের সঙ্গে প্রয়োজনীয়তা এবং প্রতিষ্ঠানটির অন্তর্নিহিত বিভিন্ন বিষয় তুলে এনেছেন। স্টিভ বলমারের কারণে কীভাবে রিচার্ড বেলিজু, স্টিভেন সিনোফস্কি, কেভিন জনসন, স্টিফেন ইলোপ, রে ওজি ও তাঁর মতো সম্ভাবনাময় ব্যবস্থাপকেরা সুযোগ হারিয়েছেন সে তথ্য বইটিতে তুলে ধরেছেন কেম্পিন।অবশ্য বলমারের সমালোচনার পাশাপাশি তাঁর ব্যবসায়িক গুণের প্রশংসাও করেছেন কেম্পিন। কেম্পিনের ভাষ্য, স্টিভ বলমারের উচিত প্রতিষ্ঠানটির ব্যবসায়িক দিকটা দেখা। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজন ‘তরুণ’ প্রধান নির্বাহীর প্রয়োজন বলেও মনে করছেন মাইক্রোসফটের অভিজ্ঞ সাবেক এ কর্মকর্তা।কেম্পিন আরও জানিয়েছেন, বর্তমান সময়ের ফেসবুক ও স্মার্টফোন ব্যবহারকারী প্রজন্মকে বুঝতে পারে মাইক্রোসফটে এমন একজন তরুণ নেতৃত্ব চাই। কেবল উইন্ডোজের পরবর্তী সংস্করণ ঘোষণা দিয়ে অনেক কিছুই করে ফেলেছি এমন ভাবুক বুড়োকে দেখতে চাই না। কেম্পিন জানিয়েছেন, তাঁর বইটি উপহার হিসেবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও স্টিভ বলমারকে পাঠিয়েছেন তিনি। তবে কোনো প্রতিক্রিয়া জানতে পারেন নি।