মাইক্রোসফটের অধীনে গেল ‘ফেসবুক ফর বিজনেস’
‘ফেসবুক ফর বিজনেস’ হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ইয়াম্মার’ কিনছে মাইক্রোসফট। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ইয়াম্মার’ কিনতে ১২০ কোটি ডলার ব্যয় করছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। ফেসবুকের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের নিয়ে কাজ করে‘ ইয়াম্মার’। বিভিন্ন করপোরেট গ্রাহকদের কাছে পৌঁছাতেই মাইক্রোসফট এই ওয়েবসাইটটি কিনছে।২৫ জুন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার ও ইয়াম্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড স্যাকস তাঁদের চুক্তির কথা জানিয়েছেন।চার বছর বয়সী ইয়াম্মার ওয়েবসাইটটির বর্তমান ব্যবহারকারী ৫০ লাখ। ইয়াম্মারের কর্মিসংখ্যা ৪০০ জন।এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠানভিত্তিক সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক গড়তে ব্যবহূত হয়। ফোর্ড মোটর, সুপারভ্যালু, ডেলোটির মতো প্রতিষ্ঠানগুলো ইয়াম্মার ব্যবহার করে।মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান অফিস স্যানফ্রান্সিসকোতেই থাকবে। তবে মাইক্রোসফটের সিয়াটল অফিসের সঙ্গে এর কার্যক্রম যুক্ত হবে। ইয়াম্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে কোনো পরিবর্তন ঘটবে না।মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবসাকে আরও বাড়াতেই ইয়াম্মার কেনার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছেন বলমার।