মাইক্রোসফটের ক্লাউড যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাউড প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফট
ক্লাউড প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফটের আয়ের দুই প্রধান উৎস উইন্ডোজ ও অফিস সফটওয়্যার বিক্রি কমে গেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মাইক্রোসফটের মুনাফা যেভাবে কমছে, তাতে শুধু ক্লাউড প্রযুক্তি থেকে আয় দিয়ে আর পোষাবে না।
মাইক্রোসফট কর্তৃপক্ষ সম্প্রতি চলতি প্রান্তিকে তাদের আয়ের লক্ষ্যমাত্রা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে, যাতে গত বছরের শেষ তিন মাসের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে কমার্শিয়াল লাইসেন্স বিক্রি কিছুটা কমার ও ক্লাউডভিত্তিক মুনাফা কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে।
প্রচলিত পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানে সফটওয়্যার ইনস্টলেশন ফি বাবদ আয় করার পরিবর্তে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সাবসক্রিপশন পদ্ধতিতে রূপান্তরের মাধ্যমে মাইক্রোসফট ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে বাজার-বিশ্লেষকেরা মনে করেন। কিন্তু এই পথ খুব বেশি মসৃণ নয় বলেও সতর্ক করেছেন তাঁরা।
বিজিসি পার্টনার্সের বিশ্লেষক কলিন গিলিস বলেন, ‘লাইসেন্স বিক্রির প্রক্রিয়া থেকে সাবসক্রিপশন পদ্ধতিতে চলে যাওয়ার যে যন্ত্রণা রয়েছে, সেটা এখন ভালোই বুঝতে পারছে মাইক্রোসফট।’
মাইক্রোসফটের প্রধান আর্থিক কর্মকর্তা অ্যামি হুড ২৬ জানুয়ারি রয়টার্সকে জানিয়েছেন, চলতি প্রান্তিকে কমার্শিয়াল লাইসেন্সিং যার আওতায় রয়েছে উইন্ডোজ, অফিস ও সার্ভারের মতো পণ্য বিক্রির পরিমাণ ৯৭০ কোটি মার্কিন ডলার থেকে ৯৯০ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে আশা করি। গত প্রান্তিকে এই খাত থেকে এক হাজার ৭০ কোটি মার্কিন ডলার আয় করেছে মাইক্রোসফট।
এই প্রান্তিকে মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে পিসি বিক্রি কমে যাওয়ার বিষয়টিকেই দুষছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। উইন্ডোজ সফটওয়্যার থেকে আয় কমলেও ক্লাউড ব্যবসায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখছে তাঁরা। চলতি প্রান্তিকে এই সেবাটি থেকে ২৭০ কোটি মার্কিন ডলার মুনাফা আসবে বলে পূর্বাভাস দিয়েছে মাইক্রোসফট। গত প্রান্তিকের চেয়ে এই প্রান্তিকে ১০ কোটি মার্কিন ডলার বেশি মুনাফা হবে প্রতিষ্ঠানটির।
মোট কী পরিমাণ মুনাফা করে মাইক্রোসফট তা বিস্তারিত না জানালেও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘ক্লাউড সেবা থেকে বার্ষিক ৫৫০ কোটি মুনাফা করছে মাইক্রোসফট।’
মাইক্রোসফটের কর্মকর্তারা জানিয়েছেন, টানা ছয় প্রান্তিক ধরে তাদের কমার্শিয়াল ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর এই প্রবৃদ্ধির হার সামান্য।
বাজার-বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ মেয়াদে সুফলের কথা বিবেচনা করে ক্লাউড প্রযুক্তিকে মাইক্রোসফট যতই গুরুত্ব দিক না কেনো, সত্য নাদেলা ও তাঁর প্রতিষ্ঠানকে নিকট ভবিষ্যতে বেশ কষ্ট করতে হবে।