মাইক্রোসফটের ডেস্কটপ কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ‘সারফেস স্টুডিও’ কম্পিউটার পরখ করে দেখছেন ব্যবহারকারীরা l এএফপি
নিউইয়র্কে ‘সারফেস স্টুডিও’ কম্পিউটার পরখ করে দেখছেন ব্যবহারকারীরা l এএফপি

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের ‘সারফেস’ পরিবারে যোগ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৈরি প্রথম ডেস্কটপ কম্পিউটার সারফেস স্টুডিও। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
সারফেস স্টুডিও মাইক্রোসফটের অল-ইন-ওয়ান কম্পিউটার। ২৮ ইঞ্চি পর্দার মসৃণ অ্যালুমিনিয়ামের তৈরি কম্পিউটারটি অনেকটাই অ্যাপলের ‘আইম্যাক’-এর মতো। মূলত সৃজনশীল নকশা করার জন্য এই কম্পিউটার তৈরি করা হয়েছে। এতে ত্রিমাত্রিক বস্তু আঁকা ও দেখা যাবে। কম্পিউটার সবার জন্য নয় বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, সাধারণ কম্পিউটারের চেয়ে যাদের বেশি কিছু প্রয়োজন, সারফেস স্টুডিও তাদের জন্যই। এদিকে প্রতিষ্ঠানটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট প্যানোস পানায় বলেন, কম্পিউটারটি সম্ভাব্য গ্রাহক হবেন স্থপতি, পণ্য নকশাকারী ও প্রকৌশলীরা।

সারফেস স্টুডিওর সঙ্গে নতুন ‘সারফেস ডায়াল’ নামের যন্ত্র এনেছে মাইক্রোসফট। তারহীন ব্লুটুথ দিয়ে যুক্ত করা যায় এই যন্ত্রটি। সারফেস স্টুডিওর পর্দায় রাখলে একসঙ্গে অনেক কাজের অপশন দেখায়। যন্ত্রটি শুধু সারফেস স্টুডিওতেই ব্যবহার করা যাবে।

সারফেস স্টুডিওর পর্দা স্পর্শকাতর। ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই৫ ও কোর আই৭ প্রসেসরের সঙ্গে ৪ গিগাবাইট গ্রাফিকস কার্ড ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৩২ গিগাবাইট র‍্যামের সঙ্গে ২ টেরাবাইট পর্যন্ত হার্ডড্রাইভ থাকছে সারফেস স্টুডিওতে। কম্পিউটারটি দাঁড় করিয়ে রাখতে একটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, যা দিয়ে কম্পিউটারটি ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী বিভিন্ন কৌণিক অবস্থানে রাখা যাবে। সাড়ে ৯ কেজি ওজনের সারফেস স্টুডিওর দাম শুরু হয়েছে ২ হাজার ৯৯৯ ডলার থেকে। এ বছরের ১৫ ডিসেম্বর বাজারে ছাড়া হবে এটি।

শাওন খান, সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস