মাইক্রোসফটের দুর্বলতা ফাঁস করল গুগল!

মাইক্রোসফটকে বেশ বিব্রতকর অবস্থাতেই ফেলে দিয়েছে গুগল। প্রকাশ্যে মাইক্রোসফটের সফটওয়্যারের নিরাপত্তা-ত্রুটি ফাঁস করায় যথেষ্ট বিব্রতকর অবস্থাতেই পড়েছে মাইক্রোসফট। এর আগেও বিষয়টি নিয়ে একবার গুগল-মাইক্রোসফটের একপ্রস্থ কথা-কাটাকাটি হয়েছিল। খবর বিবিসির।
‘প্রজেক্ট জিরো’ নামের একটি প্রকল্পে উইন্ডোজের বাগ বা সফটওয়্যার ত্রুটি বের করতে কাজ করছে গুগল। সম্প্রতি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের একটি বড় ধরনের নিরাপত্তা-ত্রুটির কথা জানিয়েছে গুগল। এর আগে একবার এ ধরনের নিরাপত্তা-ত্রুটির কথা জানানোয় ক্ষুব্ধ মাইক্রোসফট কর্তৃপক্ষ বলেছিল গুগল ঠিক কাজ করছে না। কারণ, এতে গ্রাহকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই বিষয়টি নিয়ে গুগল ও মাইক্রোসফট একত্রে গোপনে কাজ করতে পারে বলেও মাইক্রোসফট প্রস্তাব দিয়েছিল।
প্রজেক্ট জিরো উদ্যোগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যারের নিরাপত্তা-ত্রুটি বের করে তা ঠিক করার জন্য তিন মাসের সময় বেঁধে দেয় গুগল। যদি ওই সময়ের মধ্যে বাগ ঠিক করা না হয়, তখন তা জনসমক্ষে ফাঁস করে দেয় প্রতিষ্ঠানটি।
এবার গুগল উইন্ডোজের অপারেটিং সিস্টেমে দুটি বাগের অস্তিত্বের খবর ফাঁস করেছে যা কাজে লাগিয়ে সাইবার দুর্বৃত্তরা কম্পিউটার থেকে সহজেই তথ্য চুরি করে নিতে পারে।
গুগল গত বছরের ১৭ অক্টোবর মাইক্রোসফটকে এই বাগের কথা জানিয়েছিল এবং তিন মাসের মধ্যে তা ঠিক করার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। মাইক্রোসফট জানিয়েছিল, জানুয়ারি নাগাদ এই বাগ ঠিক করে ফেলা হবে কিন্তু কিছু সমস্যার কারণে এই প্যাঁচ আসতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে। কিন্তু গুগল তাদের নিয়ম থেকে সরে না এসে জনসমক্ষে ফাঁস করে দিয়েছে মাইক্রোসফটের দুর্বলতা।
গুগলের এই কাণ্ড নিয়ে মাইক্রোসফট কর্মকর্তারা মুখ খোলেননি কিন্তু গুগলের প্রজেক্ট জিরো নিয়ে মাইক্রোসফট যে খুশি নয়, তা বোঝাই যায়। তবে কী গুগল-মাইক্রোসফটের ঝগড়া আসন্ন? প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, হাজার হোক মাইক্রোসফটের সম্মানের জায়গায় হাত দিয়েছে গুগল!