মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(বাঁ থেকে) জন থম্পসন, সত্য নাদালে, বিল গেটস ও স্টিভ বালমার
(বাঁ থেকে) জন থম্পসন, সত্য নাদালে, বিল গেটস ও স্টিভ বালমার

শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নাম ঘোষণা করা হয়েছে। নতুন চেয়ারম্যান হলেন জন ডব্লিউ থম্পসন আর নতুন সিইও হিসেবে গত মঙ্গলবার রাতে সত্য নাদেলার নাম ঘোষণা করা হয়।
সত্য নাদেলা মাইক্রোসফটের ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ বিভাগের প্রধান ছিলেন। ৪৬ বছর বয়সী নাদেলা ১৯৯২ সাল থেকে মাইক্রোসফটের সঙ্গে যুক্ত আছেন। এ সময়ের মধ্যে মাইক্রোসফট অফিস, এক্সবক্স এবং সার্চ ইঞ্জিন বিং উন্নয়ন ও এসবের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
২০০০ সালে মাইক্রোসফট থেকে বিল গেটসের অবসরের পর নতুন সিইও হিসেবে দায়িত্ব নেন বিল গেটসের সহপাঠী স্টিভ বালমার। গত বছরের আগস্টে বালমারের অব্যাহতি নেওয়ার ঘোষণার পর থেকেই নতুন সিইও কে হবেন, সে বিষয়ে চলতে থাকে আলোচনা। অবশেষে তাঁর স্থলাভিষিক্ত হলেন সত্য নাদেলা। দায়িত্ব পাওয়ার পর নাদেলা মাইক্রোসফটের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে ই-মেইল বার্তায় বলেন, ‘আমাদের সফলতা যেহেতু অনেক, তাই এ বিষয়ে আমাদের আরও কাজ করার আগ্রহ রয়েছে। বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতের ঐতিহ্যকে লালন নয়, বরং যেকোনো উদ্ভাবনকে স্বাগত জানাই আমরা। সবার আন্তরিক অংশগ্রহণে আমাদের ভালো জায়গায় পৌঁছাতে হবে।’
একই সঙ্গে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নিজে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে জন ডব্লিউ থম্পসন নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিল গেটস এখন থেকে প্রতিষ্ঠানটির কারিগরি উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন। —মাইক্রোসফট ও বিবিসি অবলম্বনে কাজী আলম