মাইক্রোসফটের নতুন লোগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট পঞ্চমবারের মতো নিজেদের লোগোতে পরিবর্তন এনেছে। ১৯৮৭ সালের পর এবার আবারও নিজেদের লোগোতে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তি বাজারে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রচেষ্টার কথা জানান দিচ্ছে মাইক্রোসফট। নতুন লোগোতে করা হয়েছে টাইল-সেন্ট্রিক ইন্টারফেস। মাইক্রোসফট উইন্ডোজ ফোনসহ এক্সবক্স ৩৬০-এ দেখা যাবে নতুন লোগো। পাশাপাশি উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮ এবং অফিস স্যুটে এ নতুন লোগো দেখা যাবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পরিকল্পনার ব্যবস্থাপক জেফ হ্যানসেন জানান, অনেক পর পরিবর্তিত নতুন এ লোগোটি সব প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। যাতে করে পিসি, ল্যাপটপ, ফোনসহ সব ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে লোগোটি। তিনি বলেন, নতুন লোগোটি আগের লোগোর চেয়ে অনেক ভালো হবে। আগের লোগোতে শুধু প্রতিষ্ঠানের নাম ছিল। বর্তমানে নতুন লোগোতে ডান পার্শ্বে লেখা হয়েছে মাইক্রোসফট। আর বাঁ দিকে মেট্রো ইউআইয়ের পরিচয়ধারী চারটি বর্গাকার টাইল রয়েছে। একসময়ে শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট বর্তমানে বাজারমূল্য ২৫৪ বিলিয়ন ডলার। —ওয়াশিংটন পোস্ট অবলম্বনে কাজী আশফাক আলম