মাইক্রোসফটের নতুন স্মার্টফোন 'লুমিয়া ৮৩০'

নতুন উইন্ডোজ ফোনের পর্দা ওঠালো মাইক্রোসফট। জার্মানির বার্লিনে আইফা ২০১৪ উপলক্ষে আজ ১০ মেগাপিক্সেল ক্যামেরার ‘লুমিয়া ৮৩০’ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। চলতি মাসেই বিভিন্ন দেশের বাজারে ৩৩০ ইউরোতে এই স্মার্টফোনটি পাওয়া যাবে।
লুমিয়া ৮৩০ স্মার্টফোনটিতে রয়েছে উইন্ডোহজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট জানিয়েছে, লুমিয়া ৮৩০ স্মার্টফোনটি হচ্ছে এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে হালকা-পাতলা ফোন। সবুজ, ধূসর, কমলা ও সাদা রঙে বাজারে আসবে এই ফোনটি।
বার্লিনের অনুষ্ঠানে লুমিয়া ৮৩০ ছাড়াও দুই সিম সুবিধার লুমিয়া ৭৩০ ও লুমিয়া ৭৩৫ নামের দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, তারা প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন নির্মাতাদের তুলনায় তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের দাম কম রাখছে। লুমিয়া ৮৩০-এর দাম যেখানে ৩৩০ ইউরো, সেখানে স্যামসাং গ্যালাক্সি এস৫-এর দাম ৪৪০ ইউরো এবং আইফোন৫এসের দাম ৫১৫ ইউরো। বর্তমানে ১ ইউরো সমান ১০১.৬১ টাকা।
লুমিয়া ৮৩০ স্মার্টফোনটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের পিউরভিউ ক্যামেরা যাতে থাকবে কার্ল জেইস অপটিকস, এলইডি ফ্ল্যাশ, হালকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। এই স্মার্টফোনটির সামনে থাকছে এক মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ইনবিল্ট ফিচার হিসেবে থাকবে নোটিফিকেশন সেন্টার, লাইভ টাইলস, মাইক্রোসফট অফিস, কর্টানা, ওয়ানড্রাইভ, লাইভ ফোল্ডার, অ্যাপস কর্নারসহ হালনাগাদ গ্ল্যান্স স্ক্রিন ও অধিক নিরাপত্তা সুবিধা। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, এক জিবি র্যাম। এতে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ সুবিধা থাকছে। ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার এই স্মার্টফোনটি তারবিহীন চার্জিং সুবিধাও সমর্থন করে।
প্রসঙ্গত, আগে লুমিয়া ব্র্যান্ড ছিল নকিয়ার অধীনে। সম্প্রতি নকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনে নিয়েছে মাইক্রোসফট। এখন লুমিয়া ব্র্যান্ডটি ব্যবহার করছে মাইক্রোসফট।