অপারেটিং সিস্টেম উইন্ডোজের ১৭ বছরের পুরোনো একটি প্রোগ্রামিং ত্রুটি (বাগ) সম্প্রতি দূর করেছে এর নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। উইন্ডোজের সর্বশেষ নিরাপত্তা হালনাগাদে সমস্যার সমাধানটি যুক্ত হয়েছে। চলতি মাসে ডস অপারেটিং সিস্টেমে সমস্যাটির সমাধান হতে যাচ্ছে। সর্বপ্রথম উইন্ডোজ এনটি ৩.১ সংস্করণে এ ত্রুটি ছিল। উইন্ডোজের নিয়মিত নিরাপত্তা হালনাগাদ (আপডেট) প্রায় ২৫টি সমস্যা সমাধান করতে পারলেও পাঁচটিকে বিশেষ সংকটময় বলে উল্লেখ করা হয়েছে। গত মাসের শুরুতে উইন্ডোজের এ সমস্যাটি চিহ্নিত করেন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের নিরাপত্তা গবেষক তাভিস ওরমেন্ডে। ১৭ বছর আগের এই ত্রুটি পরবর্তীকালের উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৩ ও ২০০৪, উইন্ডোজ ভিসতা এবং সর্বশেষ বাজারে আসা উইন্ডোজ ৭-এও ছিল। চলতি মাসের নিরাপত্তা সমাধানটি এ ত্রুটি দূর করেছে।এই সমাধান উইন্ডোজচালিত কম্পিউটারকে সমস্যামুক্তভাবে চলতে সাহায্য করবে বলে জানা গেছে।মাইক্রোসফটের এবারের নিরাপত্তা হালনাগাদটি বিশেষভাবে এগিয়ে রয়েছে। কারণ এর আগে এমন গুরুত্বপূর্ণ কোনো হালনাগাদ ছাড়েনি মাইক্রোসফট। ‘আউট অব ব্যান্ড’ নামের সর্বশেষ হালনাগাদটি গুরুত্বপূর্ণ আক্রমণ থেকে ইন্টারনেট এক্সপ্লোরারসহ অন্য প্রোগ্রামগুলোকেও রক্ষা করবে। এ ধরনের সমস্যাগুলো খুঁজে বের করে বিভিন্ন সময় সাইবার আক্রমণ হচ্ছে। চীনে গুগলে আক্রমণের বিষয়টিও এমনই একটি সমস্যা থেকে হয়েছে বলে জানা গেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বুলেটিন বের করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার সমাধান সহজ হয়। প্রযুক্তিনিরাপত্তা গবেষকদের মতে, এ ধরনের সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধানের ব্যাপারে বড় উদ্যোগ নিতে হবে এবং এ ব্যাপারগুলোর দিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে।—বিবিসি অবলম্বনে নুরুন্নবী হাছিব