মাইক্রোসফটের প্রযুক্তি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট করপোরেশন বাংলাদেশে প্রযুক্তি দিবস উদ্যাপন করেছে। ‘মাইক্রোসফট টেকনোলজি ডে’ শীর্ষক এ আয়োজনে মাইক্রোসফট বাংলাদেশে ‘সিস্টেম সেন্টার ২০১২’ ও ‘এসকিউএল সার্ভার ২০১২’ দুটি নতুন প্রযুক্তি চালু করেছে। গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশে মাইক্রোসফটের গ্রাহক ও অংশীদাররা অংশ নেন। অনুষ্ঠানে নতুন উদ্ভাবন দুটি কীভাবে তথ্যকেন্দ্রের তথ্য বণ্টন ও ব্যবস্থাপনার কাজে যুক্ত করা যাবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়িক উন্নতি ও উৎপাদনক্ষমতা বাড়াতে মাইক্রোসফটের ক্লাউডের ভূমিকা প্রসঙ্গেও আলোচনা করেন প্রযুক্তিবিদেরা। এ বিষয়ে এশিয়া প্যাসিফিক ক্ষুদ্র ও মাঝারি বাজার সহযোগী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কার্লোস লোপেজ বলেন, ‘মাইক্রোসফট সবসময় তার গ্রাহক ও অংশীদারদের প্রয়োজন মেটানোর বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। নতুন সিস্টেম সেন্টার ২০১২ প্রচলিত তথ্যকেন্দ্র, ব্যক্তিগত ও সাধারণ ক্লাউড পিসি, গ্রাহক পিসি ও ডিভাইসের প্রযুক্তিগত ব্যবস্থাপনায় উপযুক্ত সহায়তা দেবে।অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন প্রধান মো. আতিকুর রহমান বলেন, ‘আমরা ভবিষ্যতে বছরে অন্তত দুবার এ ধরনের দিবসের আয়োজনের চেষ্টা করবে। এতে আমাদের গ্রাহক ও অংশীদাররা মাইক্রোসফটের সুবিধাগুলো আরও ভালোভাবে গ্রহণ করতে পারবেন।’নতুন উদ্ভাবিত ‘এসকিউএল ২০১২’ ইতিমধ্যে তথ্য ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য এ-যাবৎকালের সেরা ‘টোটাল কস্ট অব ওনারশিপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসকিউএল সার্ভার ২০১২-এর মাধ্যমে গ্রাহকেরা ‘ক্লাউড’ ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত হতে পারবেন। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এই প্রযুক্তি ব্যক্তিগত ও সাধারণ সব পর্যায়ে সহায়ক হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং ইন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জেন অ্যাডাম, এপিএসি বিজনেস প্রডাক্টিভিটির পরিচালক আলেক্সান্ডার ওডোজ-মাজেট, প্রযুক্তিবিদ গায়ান পেইরিস, পার্টনারশিপ ফর এপিএসির ব্যবসা উন্নয়ন পরিচালক ভারত মিরচান্দানিসহ অনেকে।—জিয়াউর রহমান চৌধুরী