মাইক্রোসফটের ভালো স্মার্টফোন নেই: নাদেলা

মাইক্রোসফটের এখন কোনো ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন নেই বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা।
সম্প্রতি তাদের গত প্রান্তিকের হিসাব প্রকাশ করেছে মাইক্রোসফট, যাতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লোকসান দেখিয়েছে প্রতিষ্ঠানটি। গত তিন মাসে ৩২০ কোটি মার্কিন ডলার লোকসানের মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের এ লোকসানের কারণ যে নকিয়াকে কেনা, তা এখন বেশ আলোচিত। এক প্রান্তিকে এ বিশাল লোকসানের কারণ হিসেবে নকিয়াকে কেনা ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের চাহিদা কমে যাওয়ার বিষয়টিকে দাঁড় করিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কম্পিউটার নির্মাতাদের কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিক্রির হার কমেছে ২২ শতাংশ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিক্রি আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় কমেছে ২১ শতাংশ।
মাইক্রোসফটের ব্যাপক লোকসানের আরেকটি বড় কারণ নকিয়া। ৭৩০ কোটি ডলারে নকিয়ার মোবাইল ফোন নির্মাণ বিভাগ কিনে নিলেও এই খাত থেকে এখনো অর্থের মুখ দেখেনি মাইক্রোসফট। বরং বিনিয়োগ পড়েছে ঝুঁকির মুখে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মোবাইল ব্যবসা নিয়ে এখন বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মাইক্রোসফটকে। সম্প্রতি মাইক্রোসফট থেকে সাত হাজার ৮০০ কর্মী ছাঁটাই ও উইন্ডোজ ফোন বিভাগ ঢেলে সাজানোর বিষয়টি সেই ইঙ্গিত দেয়।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা প্রান্তিক আয় ঘোষণার সময় হাই এন্ডের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানান।
মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বলতে গিয়ে এখনো মাইক্রোসফটের খুব ভালো স্মার্টফোন নেই সে কথাটি স্বীকার করেন। তিনি বলেন, ‘ফ্ল্যাগশিপ বিভাগে এখন আমাদের ভালো স্মার্টফোন নেই।’ তবে তিনি আশাবাদী, মোবাইল বিভাগটি ঢেলে সাজানোর পর মাইক্রোসফট এই ক্ষেত্রে তাদের ভাগ্য ফেরাতে সক্ষম হবে।
নাদেলা বলেন, সাশ্রয়ী, ব্যবসায়িক ও ফ্ল্যাগশিপ এই তিনটি বিভাগে প্রতি বছর একটি বা দুটি মডেলের নতুন স্মার্টফোন আনবে মাইক্রোসফট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, সাম্প্রতিক ঘোষণা স্বত্বেও মাইক্রোসফট মোবাইল-ফার্স্ট পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেবে। উইন্ডোজ ১০ এর বিনা মূল্যে হালানাগাদ সংস্করণ পাওয়া শুরু হলে উইন্ডোজ ফোন প্ল্যাটফর্ম বদলে যাবে বলেও মনে করেন তিনি।
ফোন ব্যবসা পুনর্গঠনের ঘোষণা দেওয়ার পর উইন্ডোজ ১০ নির্ভর প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ছাড়ার বিষয়টিও নিশ্চিত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি ওয়েবসাইটে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হাই এন্ডের লুমিয়া হ্যান্ডসেট দুটির কোড নাম সিটিম্যান ও টকম্যান। এ বছরে এখন পর্যন্ত মাইক্রোসফট মিড রেঞ্জের স্মার্টফোনকেই বেশি গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে লুমিয়া ৪৩০ ডুয়াল সিম, লুমিয়া ৪৩৫, লুমিয়া ৫৩২, লুমিয়া ৫৩৫, লুমিয়া ৫৪০, লুমিয়া ৬৪০ ও লুমিয়া ৬৪০ এক্সএল। (এনডিটিভি, রয়টার্স)