মাইক্রোসফটের মোবাইল ফোন
বিশ্বের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার নিয়ে আসছে মোবাইল ফোন। প্রজেক্ট পিংক নামের এ যন্ত্রে থাকছে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের সহজ সুবিধা, ই-মেইল, গেমস, সংগীত ইত্যাদির সহজ ব্যবহারের সুবিধা। মাইক্রোসফটের পক্ষ থেকে জানা গেছে, ফোনটি উইন্ডোজ ফোন ৭ সফটওয়্যারে চালিত হবে এবং দামও হবে অ্যাপলের আইফোন এবং গুগলের নেক্সাস ওয়ানের চেয়ে অনেক কম। মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডের এ মোবাইল ফোনে থাকছে সর্বশেষ প্রযুক্তির নানা ধরনের সুবিধা, যা এ ফোনকে অন্যান্যের কাছ থেকে এগিয়ে রাখবে বলে মনে করছে মাইক্রোসফট। তবে বাজারে ইতিমধ্যেই জনপ্রিয়তার তালিকায় থাকা আইফোন ও নেক্সাস ওয়ান স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে বাজারে জায়গা করে নেওয়াটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়ালস্ট্রিট জার্নাল-এর গবেষণামতে, গত বছর সব মিলিয়ে প্রায় একশ ১০ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে হয়েছে প্রায় তিন কোটি। বর্তমান বাজারে স্মার্টফোনের এ চাহিদা বেশ উৎসাহজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাইক্রোসফট এর আগে এক্সবক্স ও গান শোনার যন্ত্র জুনের মাধ্যমেও বাজারে টিকে থাকার সুযোগ হারিয়েছে। গবেষণা প্রতিষ্ঠান জে গোল্ড অ্যাসোসিয়েটসের প্রধান জেক গোল্ডের মতে, নিজেদের ফোনের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থেকে জায়গা করে নেওয়াটা এখন মাইক্রোসফটের অন্যতম চ্যালেঞ্জ। আগামী এক বছরের মধ্যে বাজারে টিকে থাকতে না পারলে মাইক্রোসফটের ফোন প্রকল্পও মুখ থুবড়ে পড়বে বলে মনে করছেন তিনি। তবে আশাবাদী মাইক্রোসফট। নিজস্ব ব্র্যান্ডের ফোনের নতুন বৈশিষ্ট্য দ্বারা গ্রাহকদের চাহিদা পূরণে সমর্থ হবে বলে মনে করছেন মাইক্রোসফটের কর্তারা। স্মার্টফোনের বাজারে মাইক্রোসফটের নতুন এ মোবাইল ফোন কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। এখন কেমন বাজার মাতাবে, এ ফোন তাই দেখার অপেক্ষা। —রয়টার্স অবলম্বনে নুরুন্নবী চৌধুরী