মাইক্রোসফটের যুদ্ধ ঘোষণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সঙ্গে মাইক্রোসফটের যুদ্ধ! অবশ্য একে একধরনের যুদ্ধই বলতে হয়। কারণ ৯ জুলাই সোমবার টরেন্টোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড পার্টনার কনফারেন্সে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার যা বলেছেন, তাকে রীতিমতো অ্যাপলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই বলা চলে।স্টিভ বলমার জানিয়েছেন, অ্যাপল যে যে ক্ষেত্রে ব্যবসা করছে, অ্যাপলের যে যে পণ্য বাজারে রয়েছে, মাইক্রোসফট সে ধরনের সব পণ্য, সব ব্যবসার ক্ষেত্রেই অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অ্যাপলের জন্য কোনো ক্ষেত্রেই ছাড় দেবে না মাইক্রোসফট। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।স্টিভ বলমার জানিয়েছেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা অ্যাপলের জন্য কোনো ফাঁকা জায়গা রাখতে চাই না। অ্যাপলের যে ধরনের সুবিধা রয়েছে, মাইক্রোসফটেরও তা রয়েছে। পণ্য উত্পাদন, ব্যবস্থাপনা ও পদ্ধতি সব ক্ষেত্রেই অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম মাইক্রোসফট। হার্ডওয়্যার, সফটওয়্যার ও উদ্ভাবন কোনো ক্ষেত্রেই মাইক্রোসফটের চোখের সামনে দিয়ে অ্যাপল বেরিয়ে যেতে পারবে না।’প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সারফেস ট্যাবলেটের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফট নিজস্ব স্মার্টফোন তৈরি করছে বলেও বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে খবর প্রকাশিত হয়েছে।নতুন স্মার্টফোন প্রসঙ্গে স্টিভ বলমার জানিয়েছেন, এখন মাইক্রোসফটের মূল লক্ষ্য সারফেস ট্যাবলেট। স্মার্টফোনের ক্ষেত্রে মাইক্রোসফটের সঙ্গে রয়েছে নকিয়া। তবে সারফেসের সফলতার ওপর অন্যান্য পণ্যগুলো নির্ভর করছে।চলতি বছরের অক্টোবর মাসে উইন্ডোজ ৮ বাজারে ছাড়ার তথ্যও জানিয়েছেন বলমার।সম্প্রতি প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বিশ্বে বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়ে গেছে মাইক্রোসফট। কারণ মাইক্রোসফট ‘অ্যাপল’ হওয়ার চেষ্টা করছে। অ্যাপলের সফল ব্যবসানীতিকে অনুসরণ করতে গিয়েই হিমশিম খাচ্ছে মাইক্রোসফট। এ ছাড়া অ্যাপলের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানোর প্রয়োজনে অদ্ভুত সব পন্থাও অবলম্বন করতে হচ্ছে মাইক্রোসফটকে, যা প্রতিষ্ঠানটিকে বিভিন্ন পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) বিশ্লেষক আল গিলেনের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।উইন্ডোজ ৮ বাজারে ছাড়া, অ্যাপস্টোর চালুসহ সফটওয়্যার ব্যবসায় অ্যাপলকে অনুসরণ করার চেষ্টা করছে মাইক্রোসফট। কিন্তু অ্যাপলের মতো গোছান সংসার না থাকায় মাইক্রোসফটকে বাজারে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে।