মাইক্রোসফটের শিক্ষা পুরস্কার পেল বিবিসি জানালা
বাংলাদেশের অসংখ্য মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে ইংরেজি ভাষা শিখতে সাহায্য করছে বিবিসি জানালা। আর এ জন্য চলতি বছরের আন্তর্জাতিক টেক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মাইক্রোসফটের শিক্ষা পুরস্কার (এডুকেশন অ্যাওয়ার্ড) ২০১০ পেয়েছে বিবিসি জানালা। প্রায় ১২ মাস আগে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বিবিসি জানালা নামের এই সেবা চালু করে। বিবিসি জানালার প্রতিটি পাঠের (লেসন) দৈর্ঘ্য তিন মিনিট করে। বাংলাদেশের ৮৪ শতাংশ ইংরেজি শিখতে আগ্রহী মানুষকে নিজেদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর সুযোগ দিচ্ছে এই সেবা। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে এ পুরস্কার দেওয়া হয়।বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানালার এই অর্জন সম্পর্কে টেক অ্যাওয়ার্ডের বিচারক স্টুয়ার্ট গান্স বলেন, ‘প্রতিনিয়ত ডিজিটাল বৈষম্য দূর করা এবং কম্পিউটার ব্যবহারের মাধ্যমে উন্নয়নশীল দেশের মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।কম্পিউটার ও ডেটা নেটওয়ার্কের সংযোগস্বল্পতার মুখে একটি বিশাল চ্যালেঞ্জ। আমরা যখন বিকল্প সমাধানের পথ খোঁজার চেষ্টা করছিলাম, তখনই মোবাইল ফোনের মাধ্যমে সারা বিশ্ব সংযুক্ত হয়ে যায়। উন্নত বিশ্বের মতো একইরকম সুযোগের অপেক্ষা না করে বিদ্যমান মোবাইল ফোন ব্যবহারের কথা ভাবা হয়েছে।’ মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডানিয়েল লুইন বলেন, এবারের নির্বাচিত বিজয়ীরা প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে নতুন ধারার প্রবর্তন করেছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের হেড অব ইন্টারঅ্যাকটিভ সারা চেম্বারলিন বলেন, ‘প্রযুক্তিকে ভিত্তি করে মোবাইল ফোন কী করে মানসম্পন্ন সহজ শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করতে পারে, আমরা বাংলাদেশে সে বিষয়টিই লক্ষ করেছি। ’বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ছয় কোটির বেশি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায় বিবিসি জানালার সেবা গ্রহণ করতে ইতিমধ্যে ৩০ লাখ ৫০ হাজার কল এসেছে। মোবাইল ফোন ছাড়াও বাংলাদেশের মানুষ আরও নানাভাবে ইংরেজি শেখার ও চর্চার সুযোগ পাচ্ছে। এখন টেলিভিশনে নাটক ‘বিশ্বাস’ ও গেম শো ‘বিবিসি জানালা-মজায় মজায় শেখা’ অনুষ্ঠান দেখানো হচ্ছে। প্রথম আলোর পড়াশোনা পাতায় সপ্তাহে তিন দিন বিবিসি জানালার ইংরেজি পাঠ প্রকাশিত হচ্ছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইডের অর্থায়নে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের দুই কোটি ৫০ লাখ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে বিবিসি জানালা পরিচালিত হচ্ছে।টেক অ্যাওয়ার্ডে চলতি বছর এক হাজার মনোনয়নের মধ্যে ১৫টিকে বিজয়ী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।—নিজস্ব প্রতিবেদক