মাইক্রোসফটের স্মার্টফোনে আসছে অপেরা মিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের স্মার্টফোনে থাকবে অপেরা মিনি
মাইক্রোসফটের স্মার্টফোনে থাকবে অপেরা মিনি

আগামী বছরের শুরুতেই অপেরা মিনি ডিফল্ট ব্রাউজার সুবিধার স্মার্টফোন বাজারে আনবে মাইক্রোসফট। অপেরা সফটওয়্যার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
সম্প্রতি মাইক্রোসফট ও অপেরা কর্তৃপক্ষ একটি চুক্তিতে সই করেছে। অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ জানিয়েছেন, মাইক্রোসফটের নিজস্ব পণ্যের রোডম্যাপ থাকলেও আগামী বছরের শুরুতেই মাইক্রোসফটের স্মার্টফোনে অপেরাকে দেখা যাবে।
ভারতের বাজারে অপেরা ব্রাউজারভিত্তিক ফোন প্রথম উন্মোচন করার পরিকল্পনার কথাও জানানা অপেরার ওই কর্মকর্তা।
এর আগে মাইক্রোসফটের তৈরি সব ফিচার ফোনে ডিফল্ট ব্রাউজার হিসেবে অপেরা মিনি থাকবে বলে জানিয়েছিল অপেরা সফটওয়্যার কর্তৃপক্ষ। অপেরা ও মাইক্রোসফট কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী, মাইক্রোসফটের সব ফিচার ফোন ও নকিয়ার আশা সিরিজের ফোনগুলোতে অপেরা ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহৃত হবে। আগের নকিয়া ব্র্যান্ডিংয়ের আওতায় থাকা ৩০ প্লাস ও ৪০ সিরিজের ফিচার ফোনগুলোও এই চুক্তির আওতায় আসবে। প্রসঙ্গত, নকিয়ার মোবাইল বিভাগ কিনে নিয়েছে মাইক্রোসফট। 
চুক্তি অনুযায়ী, এখন যেসব ফোনে এক্সপ্রেস ব্রাউজার রয়েছে, সেগুলো অপেরা মিনিতে আপগ্রেড করে নিতে গ্রাহককে পরামর্শ দেবে মাইক্রোসফট। নতুন করে যেসব ফিচার ফোন বাজারে আসবে তাতে অপেরা ব্রাউজার প্রি-ইনস্টল করা থাকবে। 

অপেরা মিনি ব্রাউজার এখন উন্নয়নশীল বিভিন্ন দেশের ফিচার ফোনগুলোতে জনপ্রিয় ব্রাউজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে ডাটা কম্প্রিহেনশন ফিচার বিল্ট ইন থাকে বলে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পান ব্যবহারকারী। বর্তমানে ২৫ কোটি ব্যবহারকারী অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন, যার মধ্যে ১০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী।
মাইক্রোসফটের সঙ্গে অপেরার চুক্তি অনুযায়ী, শুধু ফিচার ফোনেই অপেরা ব্রাউজার বিল্ট ইন থাকবে। উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমনির্ভর ফোনগুলোতে ইন্টারনেট এক্সপ্লোরারের মোবাইল সংস্করণই রাখতে চায় মাইক্রোসফট কর্তৃপক্ষ। তবে সুনীল কামাথ স্মার্টফোনেও অপেরা ব্রাউজার রাখার কথা জানিয়েছেন।