মাইক্রোসফটের ২৫ লাখ ডলারের পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে রাস্টক বটনেট ম্যালওয়্যার। এই ম্যালওয়্যারটি একসময় সারা বিশ্বে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। দশ লাখের বেশ কম্পিউটারে এটি ছড়িয়ে পড়েছিল এবং এসব কম্পিউটার থেকে নিয়মিত স্প্যাম ছড়িয়ে পড়ত। আর এই রাস্টক বটনেট ম্যালওয়্যারটির কারণে মাইক্রোসফটকেই সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয়েছিল। মাইক্রোসফট মনে করে, উইন্ডোজচালিত কম্পিউটারের জন্য এই ম্যালওয়্যারটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে এই ম্যালওয়্যারটির উত্পত্তি বা এর পেছনে কারা জড়িত রয়েছে, তা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি বা কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। সম্প্রতি মাইক্রোসফট রাস্টক বটনেট নামের এই ম্যালওয়্যারটি কে বা কারা ছড়িয়েছিল, তাদের তথ্য পেতে ২৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কার ঘোষণার ব্যাপারে মাইক্রোসফট কর্মকর্তা রিচার্ড বসকোভিচ বলেন, ‘রাস্টক বটনেটটি অনেক অপরাধের সঙ্গে জড়িত। আর এর তথ্য পেতেই দেওয়া হবে এ পুরস্কার।’ মাইক্রোসফট কর্তৃপক্ষ এই ম্যালওয়্যারটি খুঁজে বের করতে ব্যাপকভাবে তত্পর এবং মরিয়া হয়ে উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ম্যালওয়্যারটির কোনো তথ্য মাইক্রোসফটকে দিতে পারলেই ২৫ লাখ ডলার পুরস্কার জিতে নেওয়ার এক চমত্কার সুযোগ মিলবে। আর কারও যদি রাস্টক বটনেট-এর ব্যাপারে কোনো তথ্য থাকে, তবে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের দেওয়া ই-মেইল ঠিকানায় ([email protected]) যোগাযোগ করতে বলেছে। —টেকওয়াচ অবলম্বনে প্রদীপ সাহা