মাইক্রোসফটের ‘রঙিন প্রজাপতি’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে মাইক্রোসফটের তৈরি বিভিন্ন পণ্য হয়তো প্রজাপতির ডানার মত রঙিন হবে, যা মন বুঝে মুহূর্তে মুহূর্তে রং বদলাবে! যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের গবেষণাগারে এমন বেশকিছু অদ্ভুত প্রযুক্তি নিয়েই গবেষণা চলছে। এরই একটি প্রযুক্তি হচ্ছে- ‘যান্ত্রিক প্রজাপতি’। এক খবরে সিএনএন জানিয়েছে, মাইক্রোসফটের প্রকৌশলী প্যাট্রিক থেরিয়েন ক্ষুদ্রাকার একটি যান্ত্রিক প্রজাপতি তৈরি করেছেন, যা মানুষের মেজাজ-মর্জি অনুসারে রং বদলাতে সক্ষম। মানুষের শরীরের তাপমাত্রা বা রক্তচাপ প্রজাপতিটির রং পরিবর্তনের শক্তি জোগায়।অবশ্য এ প্রযুক্তিটি ঠিক কী ধরনের পণ্যে ব্যবহার করা হবে বা কী কাজে লাগানো হবে সে বিষয়ে মাইক্রোসফট কোনো তথ্য প্রকাশ করেনি।প্যাট্রিক জানিয়েছেন, এই ক্ষুদ্র প্রজাপতি কী কাজে লাগানো হবে সে বিষয়টি তিনি জানেন না। তাঁকে শুধু মাইক্রোসফটের সফটওয়্যার বিভাগ থেকে রং পরিবর্তনশীল প্রজাপতি তৈরি করতে বলা হয়েছে। তাঁরা আশা, যখন এ প্রজাপতিটি তৈরির কাজ সম্পন্ন হবে তখন এটিই হবে মানুষের মেজাজ মর্জি বুঝতে পারা প্রযুক্তিনির্ভর বৃহত্তম পণ্য।মাইক্রোসফটের পরীক্ষাগারে তৈরি প্রজাপতিটি প্রাকৃতিক প্রজাপতির মতই পাখা নাড়াতে সক্ষম। অল্প মাত্রার বিদ্যুত্ প্রবাহে প্রজাপতিটি পাখা নাড়ে, আর পাখা নাড়ালেই সেখানে রঙের পরিবর্তন লক্ষ্য করা যায়। মানুষের শরীরের রক্তচাপ, তাপমাত্রার পরিবর্তন এবং অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতিতে শরীর থেকে শক্তি নিয়ে এ প্রজাপতিটি তার পাখার রংও বদলাতে পারে।মাইক্রোসফট রিসার্চ ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্কফিল্ড জানিয়েছেন, মাইক্রোসফটের পণ্য আর গবেষণা বিভাগ আলাদা। গবেষণাগারে গবেষককে তাঁর প্রযুক্তি তৈরির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় না। এতে গবেষকেরা সময় নিয়ে তাদের প্রযুক্তি হস্তান্তর করতে পারেন।গবেষক প্যাট্রিক জানিয়েছেন, যান্ত্রিক এ প্রজাপতিটি এখনো উড়তে শেখেনি। পরের ধাপে একে ওড়ানো হবে। যখন প্রজাপতিটির দ্বিতীয় সংস্করণ তৈরি করা হবে তখন এটি ডানা মেলে উড়বে আর ডানা ঝাঁপটালেই রং বদলাবে এটি।