মাইস্পেসের ব্যবহারকারীদের তথ্য উন্মুক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট মাইস্পেসের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনেক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনী সংস্থাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল-এর এক তদন্তে এ তথ্য জানা গেছে। মাইস্পেসে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে যখনই কোনো ব্যবহারকারী ক্লিক করছেন, তখন ওই বিজ্ঞাপন কর্তৃপক্ষ ব্যবহারকারীর ই-মেইলে তাদের বিভিন্ন অফারের ঘোষণা পাঠিয়ে দেয়। কমসোর্স ইনকরপোরেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মাইস্পেসের ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি আট লাখ, যেখানে শীর্ষে থাকা জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি আট লাখ। এ অবস্থায় নিজেদের অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে মাইস্পেস। এর আগে ফেসবুকের সেরা ১০টি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহের বিষয়টিও তুলে ধরে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। তবে ফেসবুক ও মাইস্পেসের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুকে ব্যবহারকারীর নিজের ব্যবহূত ইউজার ঠিকানা নিজের আসল নাম হলেও মাইস্পেসে নিজের আসল নাম প্রকাশ না করে সাইটে প্রকাশের জন্য আরেকটি নাম দেওয়ার সুযোগ রয়েছে। মাইস্পেসের মতে, ব্যবহারকারীর প্রকাশিত নাম যেহেতু তার ইচ্ছামতো দেওয়ার সুযোগ রয়েছে, তাই এ তথ্য বাইরে প্রকাশের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই!পাশাপাশি মাইস্পেসের কিছু প্রোগ্রাম রয়েছে, যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহজে পেয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এ ব্যাপারে মাইস্পেসের একজন মুখপাত্র জানান, তৃতীয় পক্ষের তৈরি এসব প্রোগ্রাম ডেভেলপারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগের সাইটে নিজেদের তথ্য নিয়ে অনিরাপদেই থাকতে হচ্ছে ব্যবহারকারীদের। ওর্সচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক ক্রেইগ উইলসের মতে, সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ নিচ্ছে, তা পরিপূর্ণ নয়। এ ক্ষেত্রে নিজের গুরুত্বপূর্ণ তথ্য এসব সাইটে দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। —ওয়ার্ল্ভ্র স্ট্রিট জার্নাল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী