মাকড়সার জালের পোশাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকড়সার জাল থেকে অনুপ্রেরণা নিয়ে জাপানের গবেষকেরা তৈরি করেছেন সিনথেটিক স্পাইডার সিল্ক। আর এ সিল্কের তৈরি পোশাক সম্প্রতি জাপানের টোকিওতে প্রদর্শিত হয়েছে। স্পাইবার নামের জাপানের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনথেটিক স্পাইডার সিল্কের পোশাক তৈরি করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।নীল রঙের এ পোশাকটি তৈরিতে ‘কুমোনোস’ নামের বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে। জাপানি ভাষার কুমোনোসের বাংলা অর্থ দাঁড়ায় মাকড়সার জাল। এটি আদতে শক্ত হলেও নাইলনের চেয়েও নমনীয়।মাকড়সার জালের মতো শক্ত অথচ হালকা সিল্ক তৈরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন গবেষকেরা। তাঁদের দাবি, স্পাইডার সিল্ক ইস্পাতের চেয়ে চার থেকে পাঁচ গুণ পর্যন্ত শক্ত হলেও তা অত্যন্ত হালকা।এদিকে গবেষকেরা জানিয়েছেন, হুবহু মাকড়সার জালের মতো সিল্ক তৈরি বেশ কঠিনই বটে। তবে স্পাইবারের বিশেষ প্রযুক্তির সাহায্যে গবেষকেরা জিন সংশ্লেষ ও ব্যাকটেরিয়া থেকে বিশেষ প্রোটিনের কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন। ‘ফাইব্রোইন’ নামের এ প্রোটিন অনেকটাই মাকড়সার জালের প্রোটিনের মতো।

গবেষকেরা জানিয়েছেন, পোশাক ছাড়াও কুমোনোস ব্যবহার করে ফিল্ম, জেল, স্পঞ্জ, কৃত্রিম রক্তনালি ও ন্যানো ফাইবার তৈরির কাজ করা যাবে। এ ছাড়া শিল্পক্ষেত্রে গাড়ির যন্ত্রাংশ ও চিকিত্সাক্ষেত্রে এই সিল্ক কাজে লাগবে।

সম্প্রতি স্পাইডার সিল্কের প্রযুক্তিটির জন্য ১৬টি পেটেন্টের আবেদন করেছে স্পাইবার। গাড়ির যন্ত্রাংশ নির্মাতা কোজিমা ইন্ডাস্ট্রিজের সঙ্গেও চুক্তি করেছে স্পাইবার। কোজিমা ও স্পাইবার মিলে সিনথেটিক সিল্ক তৈরির কারখানা গড়ে তুলবে। ২০১৫ সাল থেকে বছরে ১০ টন সিনথেটিক সিল্ক তৈরির পরিকল্পনা করেছে স্পাইবার।