মাকে ডুডলের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মা দিবসে এই ডুডলটি উপহার দিয়েছে গুগল।
বিশ্ব মা দিবসে এই ডুডলটি উপহার দিয়েছে গুগল।

বিশ্ব মা দিবস উদ্‌যাপন করছে ইন্টারনেট জায়ান্ট গুগল। এ উপলক্ষে আজ রোববার একটি ডুডল উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যানিমেশন করা এই বিশেষ ডুডলের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সব মাকে শ্রদ্ধা জানাচ্ছে গুগল।
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এবারের বিশ্ব মা দিবসের ডুডলে। মায়েদের এই সহজাত প্রবণতা শুধু মানব জগৎ নয়, প্রাণী জগতেও লক্ষণীয়।

অ্যানিমেশন করা ডুডলে (http://www.google.com/doodles/mothers-day-2015R)S প্রথমেই দেখা যায়, একটি মা হাঁস তার পাখার নিচে পরম মমতায় আশ্রয় দিচ্ছেন বাচ্চাকে। এর পরই দেখা যায়, একটি সিংহ শাবক কাঁদছে। কান্না শুনে মুহূর্তেই শাবকের কাছে তার মা হাজির। ধারাবাহিকতায় অ্যানিমেশনটি একটি মা খরগোশে রূপান্তরিত হয়। তার কয়েকটি বাচ্চা লাফিয়ে এসে মায়ের সঙ্গে খেলায় যোগ দেয়। সবশেষে অ্যানিমেশনে হাজির হয় মানবশিশু ও তার মা। এতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ছুটে আসছে তাঁর সন্তান। শিশুটির হাতে একটি সূর্যমুখী ফুল। শিশুটি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মা তার শিশুকে কোলে তুলে আদর দেন।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস। এই দিনে পৃথিবীর প্রতিটি প্রান্তে মায়ের মমতা, ত্যাগ ও মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
যদিও মাকে ভালোবাসা জানাতে বছরের সবকটা দিন যথেষ্ট নয়। কিংবা মাকে নিয়ে ভালোবাসার অনুভূতি দিবসের গণ্ডিতে কখনো প্রকাশযোগ্যও নয়। তবুও মা দিবসে মাকে একটু আলাদা করে শ্রদ্ধা জানানো হয়।

বিশ্বজুড়ে মা দিবসের বর্ণাঢ্য উদ্‌যাপন মূলত মার্কিনিরা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবস্টার জংশনের বাসিন্দা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেছেন অনাথদের সেবায়। এই মানুষটি মারা যান ১৯০৫ সালে। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে তাঁর মেয়ে আনা জার্ভিস প্রচার চালাতে শুরু করলেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। জীবনের প্রতিটি আনন্দ-বেদনার মুহূর্তে মায়ের আঁচল খুঁজে ফেরে সবাই। মা সব সময়ই থাকেন, থাকবেন—কখনো পৃথিবীর বাস্তবতায়, কখনো দেহের বন্ধন ছেড়ে চলে যাওয়ার পর সন্তানের ভালোবাসায়। আজকের মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি রইল শ্রদ্ধা।