মাকে মশার কামড়ে বিকলাঙ্গ শিশুর জন্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশাবাহিত ভাইরাসের ফলে সৃষ্ট জিকা জ্বরের সঙ্গে নবজাতকের জন্মগত ত্রুটির সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই জ্বর হলে গর্ভের প্রথম মাসেই শিশুর মস্তিষ্কে এক ধরনের প্রদাহ তৈরি হয় এবং শিশুর মস্তিষ্ক গড়ে উঠতে বাধার সৃষ্টি করে।

এখন পর্যন্ত জিকা জ্বরে আক্রান্ত হয়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ মারা গেছেন এবং ৭৩৯ জন রোগী পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল সেখানে যাচ্ছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিয়ারা অঞ্চলের মাইক্রো-এনসিফালিটিজ আক্রান্ত একটি শিশুর রক্তে জিকা ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকেরা। বিশ্বে প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব ও এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর ঘটনা ঘটল। বেশির ভাগ ঘটনা ঘটেছে উত্তর পূর্ব ব্রাজিলে এবং দ্রুত তা রিও ও সাও পাওলোর মতো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এ বছরের এপ্রিল মাসে এ ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। প্রথমদিকে এটি তেমন ক্ষতিকর ভাইরাস হিসেবে দেখা না হলেও পরে শরীরে ফুসকুড়ি ওঠা ও টানা কয়েক দিন জ্বর দেখা দিতে শুরু করে।
যেসব অঞ্চলে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলের মা হওয়ার আগে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। জিকা ভাইরাসটি মূলত এডিস এজপিটি মশার কারণে ছড়ায় যা মূলত ইয়োলো জ্বর, ডেঙ্গু ও চিকুনগুয়ানা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন, জনস্বাস্থ্যের জন্য জিকা ভাইরাস মারাত্মক হুমকি। এ হুমকি মোকাবিলায় জরুরি কর্মসূচি চালু করা ও এডিস মশা নিয়ন্ত্রণ করা জরুরি। তথ্যসূত্র: বিবিসি।