মাগুরায় আইসিটি সচেতনতা কর্মসূচি
মাগুরার অ্যাডভোকেট আসাদুজ্জামান মিলনায়তনে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচেতনতা কর্মসূচি’। ডিজিটাল মাগুরা গড়ার প্রত্যয় নিয়ে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে সকালে মাগুরা-২ আসনের সাংসদ বীরেন শিকদার বলেন, ২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে হলে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণকে কম্পিউটারে দক্ষ হতে হবে। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা উচিত।অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএসের মহাসচিব মুজিবর রহমান, যুগ্ম মহাসচিব নাজমুল আলম ভূঁইয়া, পরিচালক ইউসুফ আলী শামীম, শাহিদ-উল-মুনীর, যশোর শাখার চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা প্রমুখ।এই আয়োজনে কম্পিউটার এবং এর পরিচিতি ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি