মাটিতে রত্ন খুঁজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

পৃথিবীর বয়স প্রায় সাড়ে চার শ কোটি বছর। দীর্ঘ সময়ে অসংখ্য কৌতূহলের সঙ্গী এই গ্রহ। ঘটে যাওয়া সেসব কৌতূহল উন্মোচনে রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হতে এই বিভাগে আসা।’ বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী আল্-তামিনি।
আল আমিনের সঙ্গে বিভাগে ঢুকেই দেখতে পেলাম দুই পাশে সারিবদ্ধ চুনাপাথর, কয়লা, প্রস্তুরিভূত গাছের গুঁড়ি ও কঠিন শিলা। ঠিক পাশেই বিভাগের জাদুঘরে ৫০ কোটি বছরের পুরোনো ট্রিলোবাইট প্রাণীর জীবাশ্ম দেখছেন শিক্ষার্থীরা। এখানে দেখা হয় বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা আক্তারের সঙ্গে। ধারণা দিলেন জাদুঘর সম্পর্কে। ‘এটি এক লাখ বছরের প্রাচীন পাথুরে গাছসহ বিভিন্ন খনিজ নমুনার এক অসাধারণ সম্ভার।’ মূল্যবান খনিজ ভূ-অভ্যন্তরে সৃষ্টির রহস্যও জানলাম তাঁর কাছে।
‘নির্ধারিত বিভাগে ভর্তি হলে জানার পরিধি এককেন্দ্রিক। কিন্তু অনেক বিষয়ের সমষ্টি আমাদের বিভাগ। তাই এখন থেকেই বিষয়টিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে শিখছি।’ প্রথম বর্ষের তানভীর হোসেন যোগ করেন তাঁর অনুভূতি।

প্রকৃতিতে মিশে আছে মূল্যবান সম্পদ। পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি ব্যবহারে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও সর্বোচ্চ পরিমাণ উত্তোলনে দক্ষ ভূতত্ত্ববিদের জুড়ি নেই। সম্ভাবনাময় এই খাতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন শিক্ষার্থীরা। কিন্তু তথ্যের অভাবে এ বিষয়ে পড়তে পারছেন না অনেকেই। তাই ভূতত্ত্বে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা জেনে নিন এ বিভাগ সম্পর্কে।

১৯৮৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। উদ্দেশ্য, পৃথিবীর সৃষ্টি, গঠন, ভূ-অভ্যন্তরীণ খনিজ সম্পদ সৃষ্টির প্রক্রিয়া ও বণ্টন সম্পর্কে গবেষণা এবং দক্ষ ভূতত্ত্ববিদ সৃষ্টি। পাচ্ছেন সফলতাও। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার, শিক্ষাবৃত্তি ও গবেষণা-সহায়তার সুযোগ ছাড়াও শিক্ষার্থীরা প্রতিবছর ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব পেট্রোলিয়াম জিওলোজিস্ট’-এর (এএপিজি) সদস্যপদ লাভ করছেন।

বছরের বিভিন্ন সময়ে বিভাগের শিক্ষার্থীরা ভূতাত্ত্বিক কাঠামো ও স্তরবিন্যাস জানতে ফিল্ডওয়ার্কে অংশ নেন। সঙ্গে পাচ্ছেন ১২ হাজার বইয়ের সেমিনার ও বিশাল ই-বুক ভান্ডার। প্রতিবছর বিদেশি লেখকদের লেখাসহ জার্নাল প্রকাশিত হয় এ বিভাগ থেকে। ক্রমবর্ধমান সম্পদের চাহিদা মেটাতে, গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা ভূ-অভ্যন্তর থেকে তুলে আনবেন লুকিয়ে থাকা ধনরত্ন। এমনটাই প্রত্যাশা বিভাগের শিক্ষার্থীদের।

কেন পড়ব

‘পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও ভূত্বকের পরিবর্তন জানার জন্য ভূতাত্ত্বিক গবেষণা জরুরি। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক সম্পদ আহরণ ও গবেষণায় যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে এ ক্ষেত্রটির চাহিদা এখন বিশ্বব্যাপী।’ বললেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি এস এম মাহবুবুল আমীন। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আলোচিত ‘পরিবেশ বিপর্যয়’ গবেষণায়ও ভূতত্ত্ববিদেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ভর্তির যোগ্যতা ও পদ্ধতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনে ভর্তির যোগ্যতার মানদণ্ড অনুযায়ী, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে চার বছর মেয়াদি অনার্স ও এক বছর মেয়াদের মাস্টার্স কোর্স পড়তে হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৮.০০ পেতে হবে।

উচ্চমাধ্যমিকে অবশ্যই পদার্থ, রসায়ন ও গণিত থাকতে হবে। ভর্তির জন্য প্রতিবছর ‘ক’ ইউনিটের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

কাজের সুযোগ

ভবিষ্যতে কাজের ক্ষেত্র সম্পর্কে জানতে চাইলে বিভাগের সহকারী অধ্যাপক হুসাইন মো. সায়েম বলেন, ‘আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশি-বিদেশি তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান, পেট্রোবাংলা, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও বিভিন্ন বিদেশি কোম্পানিতে দক্ষতার সঙ্গে কাজ করছেন। এ ছাড়া দেশের ভেতরে গবেষণাপ্রতিষ্ঠান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও স্পারসোতে গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।’