মো. আফলাতুন, সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
বিরামচিহ্ন অংশ-৯
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
২২.
সময়টা ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ঘুঁটিপুর ক্যাম্প ওই ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা তাদের ঘিরে ফেলে।
উত্তর: সময়টা ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ঘুঁটিপুর ক্যাম্প। ওই ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। এঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা তাদের ঘিরে ফেলে।
২৩.
মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা শিল্পকলা কথাটি বেশ ভারী ভারী মনে হলো মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি সুন্দর করে বানাই সুন্দর করে গাই তখন তা হয় শিল্প শিল্পের এ কাজকে বলে শিল্পকলা দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।
উত্তর: মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। শিল্পকলা কথাটি বেশ ভারী ভারী মনে হলো। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি, সুন্দর করে বানাই, সুন্দর করে গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।
২৪.
গ্রামের নাম আনন্দপুর মামার বাড়ি কথায় আছে মামার বাড়ি রসের হাঁড়ি আসলেই তাই পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও এই তো মামার বাড়ি গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর সেখানে পয়লা বৈশাখে মেলা বসে মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব।
উত্তর: গ্রামের নাম আনন্দপুর। মামার বাড়ি। কথায় আছে মামার বাড়ি রসের হাঁড়ি। আসলেই তাই। পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। এই তো মামার বাড়ি। গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে পয়লা বৈশাখে মেলা বসে। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল