মাঠপর্যায়ের ডিজিটাল উদ্যোগ পর্যালোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার মাঠপর্যায়ে যেসব ডিজিটাল উদ্যোগ শুরু করেছে, তার পর্যালোচনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ‘মাঠপর্যায়ের ডিজিটাল উদ্যোগগুলোর পর্যালোচনা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এই কর্মশালায় প্রতিটি জেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৬৪ জন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অংশ নেন। দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন কর্মশালায় অংশগ্রহণকারীরা। এ ছাড়া নতুন নতুন উদ্যোগ চিহ্নিতকরণ, নিজ নিজ এলাকার সম্ভাবনা ও সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা। কর্মশালায় জানানো হয়, অতিরিক্ত জেলা প্রশাসকেরা (সার্বিক) এখন থেকে ডিজিটাল উদ্যোগসমূহের মাসিক অগ্রগতি প্রতিবেদন অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবেন। জেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের বিভিন্ন কর্মকাণ্ড তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসকেরা (সার্বিক) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত। অতিরিক্ত জেলা প্রশাসকেরা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন, উদ্যোক্তা নির্বাচন, উদ্যোক্তা প্রশিক্ষণ, ডিজিটাল বাংলাদেশবিষয়ক সেমিনার-কর্মশালার আয়োজন, উপজেলা ই-সার্ভিস ব্যবস্থা চালু এবং জেলা ওয়ান স্টপ সেন্টার স্থাপনের বিষয়ে বিভিন্ন কর্মকাণ্ড তদারকি করেন। বর্তমানে দেশে ১০২ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু আছে। খবর বিজ্ঞপ্তির। জুলাই মাসের মধ্যে আরও এক হাজার ইউনিয়নে এবং ডিসেম্বরের মধ্যে চার হাজার ইউনিয়নে ইউআইএসসি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে যশোরে জেলা ওয়ান স্টপ সেন্টার চালু করা হবে। উপজেলা ই-সার্ভিস-ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাদিক এবং জন্মনিবন্ধন কর্মসূচির প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম।