
নয়টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এটি ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবলারদের প্রতিভা বিকাশের মঞ্চ। জমজমাট লড়াইয়ের পর শিরোপা ঘরে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে, তারা শুধু পড়ালেখাতেই নয়, খেলাধুলাতেও এগিয়ে। এবারের ৭-১২ ডিসেম্বর ’১৩ অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
তিনটি গ্রুপে বিভক্ত নয়টি দলের এ টুর্নামেন্টে গ্রুপ এ-তে ছিল বুয়েট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রুয়েট, গ্রুপ বি-তে ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং গ্রুপ সি-তে জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও জাতীয় বিশ্ববিদ্যালয়। বুয়েট ও রুয়েট এবং ঢাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ম্যাচ, যাতে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠে আয়োজক বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় দল। গ্রুপ ম্যাচে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে টুর্নামেন্ট সর্বোচ্চ ১১ গোলের ব্যবধানে হারানো এবং ফাইনালে বুয়েট দলকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল।
ফাইনালে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা শাহীন দুটি গোল করেন, অন্য গোলটি করেন আল আমিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দিদারুল আলম। পুরো আয়োজন বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হলেও ডিসেম্বরের ১২ তারিখ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে।
বুয়েট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিরাত সামিউন বলেন, ‘সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারায় আমরা গর্বিত। শেষটা মন মতো না হলেও আমরা অন্তত বুয়েটে ফুটবলকে নিয়ে যে স্বপ্নটা দেখানো শুরু করেছি, এই স্বপ্নটা পূর্ণতা পাবেই, সেই দিন বেশি দূরে নয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় দলের লেফট উইঙ্গার মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী চাইলাউ মারমা বলেন ‘দলের সবার পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ফলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’
চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য সামিন ফারহান বলেন তাঁর অনুভূতির কথা, ‘পুরো টুর্নামেন্টসহ ফাইনাল ম্যাচেও সুন্দর ফুটবলের চর্চাটা বজায় ছিল, এটাই আসল বিষয়।’