
জন্মের সময় থেকেই শিশুর মস্তিষ্কের বিকাশের বিভিন্ন স্তরে কিছু অভিজ্ঞতা সহজে গ্রহণ ও শেখার একটি কাঠামো নির্ধারিত থাকে। শৈশবকালকে বলা হয় মস্তিষ্কে বিভিন্ন অভিজ্ঞতার শক্তিশালী ও স্থায়ী ছাপ ফেলার সময় (সেনসেটিভ পিরিয়ডস)। এ জন্যই শিশুরা সহজে মাতৃভাষা শেখে। দ্বিতীয় ও তৃতীয় ভাষাও সহজে ও নির্ভুল উচ্চারণে কৈশোরে শেখা সহজ। কারণ, এ সময় অভিজ্ঞতাগুলো মস্তিষ্কের একটি অংশে লিপিবদ্ধ হয়ে যায়। কেউ বেশি বয়সে বিদেশি ভাষা অনর্গল বলতে পারলেও মস্তিষ্কের ইলেকট্রনিক প্রতিবিম্ব (ইমেজিং) পরীক্ষা করে দেখা গেছে, মানুষ যখন তাদের দুটি ভাষা শোনে, তখন মস্তিষ্কের সংশ্লিষ্ট বাড়তি কিছু অংশও সক্রিয় হয়ে ওঠে। এতে বোঝা যায়, বড় হয়ে বিদেশি ভাষা শিখতে মস্তিষ্কে একটু বেশি জায়গা লাগে। কিন্তু শৈশবে লাগে না। তাই শৈশব সময়কালটা এমন যে ওই সময়ে শুধু মাতৃভাষাই নয়, শিশুশিক্ষার প্রথম কয়েক বছরে একাধিক ভাষা শেখাও সহজ।