মাত্র ৩৫ ডলারে কম্পিউটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে কম দামি ট্যাবলেট পিসি। মাত্র ৩৫ মার্কিন ডলারের (১৭৫০ রুপি) এই ট্যাবলেট পিসির নামকরণ করা হয়েছে ‘আকাশ’। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে এর বাণিজ্যিক উদ্বোধন করেন দেশটির টেলিযোগাযোগ ও মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল। উদ্বোধনী দিনে নয়াদিল্লির ৫০০ স্কুল শিক্ষার্থীর মধ্যে এই ট্যাবলেট পিসি বিতরণ করা হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, এই সস্তা ট্যাবলেট পিসির উত্পাদন ভবিষ্যতে অনেক বাড়ানো হবে। এতটাই বাড়ানো হবে যেন শিক্ষার্থীরা মাত্র ৫০০ রুপিতে এই ট্যাবলেট পিসি কিনতে পারে।যুক্তরাজ্যের ডাটাউইন্ড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আউটসোর্সিং করে ভারত সরকার এই ট্যাবলেট পিসি উত্পাদন করছে বলে জানা গেছে। যুক্তরাজ্য থেকে ট্যাবগুলো আনতে প্রতিটির খরচ পড়েছে দুই হাজার ২৫৬ রুপি করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সব ধরনের কর। তবে সরকার এই লটের প্রথম এক লাখ ট্যাব ভর্তুকিকৃত মূল্য এক হাজার ৭৫০ রুপিতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।আকাশ পিসি বাজারজাত করতে ভারত সরকার এবারই প্রথম উদ্যোগ নিয়েছে। ভারতে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যাপলের আইপ্যাড, স্যামসাংয়ের গ্যালাক্সি, আমাজনের কিন্ডলের তুলনায় অনেক কম দামে বাজারে ট্যাব পিসি সরবরাহ করছে। তবে ভারত সরকারের এই সুলভমূল্যের আকাশ দামের দিক থেকে অন্য প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে দিয়েছে।সাত ইঞ্চি স্ক্রিন ও ওয়াই-ফাই সুবিধাসংবলিত আকাশে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর অভ্যন্তরীণ সংরক্ষণ ক্ষমতা দুই গিগাবাইট, যা একটি এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগা পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ব্যাটারি ব্যাকআপ তিন ঘণ্টা পর্যন্ত। ইকোনমিক টাইমস।