মাথায় বসে কথায় চলবে এইচসি১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ডেস্কটপের মত চার কোনা বাক্স আকৃতির নয় যে সহজেই ডেস্কের ওপর বসানো যাবে আবার এটি স্মার্টফোনের মতোও নয় যাতে সহজেই তা পকেটে রাখা সম্ভব; এ কম্পিউটারটির টাচস্ক্রিন, মাউস বা কিবোর্ডও নেই। তবুও এটি কম্পিউটার। সম্প্রতি মটোরোলা সলিউশন এমনই একটি কম্পিউটার তৈরি করেছে যা হেডসেটের মত মানুষের মাথার ওপর বসিয়ে কণ্ঠস্বরের মাধ্যমে পরিচালনা করা যাবে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এটি নিছক কল্পনার কোনো কম্পিউটার নয়, আগামী বছরেই এ কম্পিউটারটি বাজারে আনতে যাচ্ছে মটোরোলা সলিউশন। কম্পিউটারটির নাম হবে ‘এইচসি১’। উল্লেখ্য, মটোরোলা সলিউশন গুগলের মালিকানাধীন মটোরোলা মোবিলিটির অংশ নয়। এ প্রসঙ্গে মটোরোলা সলিউশন জানিয়েছে, মটোরোলার ‘এইচসি১’ কম্পিউটারটি দেখতে টেলিফোন হেডসেটের মত। কম্পিউটারের সঙ্গে হেলমেটের মত বা গ্যাস মাস্কের মত অংশ যুক্ত থাকবে। কম্পিউটারটির দুটি অংশ রয়েছে। একটি অংশ মাথার সঙ্গে সহজে বসানোর সুবিধার্থে ব্যবহূত হয়; আরেকটি অংশ ধাতুর তৈরি, যা মাথার চারপাশ ঘিরে থাকে। এ অংশটির সামনে ক্ষুদ্র একটি স্ক্রিন বা পর্দা থাকে যা একেবারেই মুখের সামনে থাকে। চোখ একটু নিচু করে এ কম্পিউটারের মনিটরে চোখ রাখতে হয়। কণ্ঠস্বরের সাহায্যে এ কম্পিউটারকে নির্দেশ দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায়। ফলে মেইল পড়া, ছবি তোলা, তথ্য যাচাই করার মত কাজে হাতের কোনো ব্যবহার প্রয়োজন হয় না। প্রকৌশলী, নির্মাণকর্মী, স্থপতি, চিকিত্সকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের উপকারে লাগবে এ কম্পিউটারটি। এর দাম ধারণা করা হচ্ছে- তিন থেকে চার হাজার মার্কিন ডলারের কাছাকাছি হবে।