মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার
গণিত উৎসবের একটা বড় আকর্ষণ হলো প্রশ্নোত্তর পর্ব। এটা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যেমন বহু প্রতীক্ষিত তেমনি আমাদের, অর্থাৎ উত্তরদাতাদের কাছেও একটা উপভোগ্য চ্যালেঞ্জ। শিক্ষার্থীরা সরাসরি মাইক্রোফোনে দর্শকের সারি থেকে প্রশ্ন করতে পারে, আবার লিখিত প্রশ্নও করতে পারে, যা স্বেচ্ছাসেবকের মাধ্যমে মঞ্চে বসে থাকা উত্তরদাতাদের কাছে পৌঁছে যায়। এবারের (২০১২) গণিত উৎসবে কুষ্টিয়া, যশোর, খুলনা ও গোপালগঞ্জের খুদে গণিতবিদদের করা কিছু প্রশ্ন তুলে ধরছি। এ থেকে পাঠকেরা হয়তো বুঝতে পারবেন—এই পর্বে শিক্ষার্থীরা তাদের মনে জমে থাকা গণিত ও বিজ্ঞানবিষয়ক যত ধরনের প্রশ্ন করে থাকে, তা নিয়ে রীতিমতো একটা পিএইচডি অভিসন্দর্ভ রচনা করা সম্ভব!গণিতের সরল অঙ্কগুলো করতে জটিলতায় পড়তে হয়। তবে এই অঙ্কের নাম জটিল না হয়ে ‘সরল’ হলো কেন?অন্য বিষয়ে নোবেল দেওয়া হলেও গণিতে নোবেল দেওয়া হয় না কেন?জীবনের হিসাবের সঙ্গে গণিতের হিসাবের কি কোনো মিল পাওয়া যায়?দিনে কতটুকু সময় গণিত নিয়ে নাড়াচাড়া করলে গণিতের ভাষায় কথা বলতে পারব?‘মনের পশুকে কর জবাই/ বাঁচবে পশু বাঁচবে সবাই’—কিন্তু এই মনুষ্যত্বের খারাপ দিকগুলো কীভাবে বর্জন করব? কোন সঠিক পথটি আমরা অনুসরণ করব? গণিতের মাধ্যমে এর কী সমাধান?এবারের শীতের সবচেয়ে ঠান্ডা সময়ে আমাদের যে উৎসবগুলো হয়েছে, তারই একটাতে এসেছে এমন উপযুক্ত প্রশ্নও...শীতকালে আমাদের শীত লাগে কেন?কেউ কেউ আবার শীতের চেয়ে অন্য কারণে বেশি দুশ্চিন্তাগ্রস্ত...পৃথিবী সূর্যের চারপাশে নিজ অক্ষ বরাবর ঘোরে। আমরা পৃথিবীর ওপর বাস করি, তাহলে পৃথিবী যখন ঘোরে, তখন আমরা ছিটকে পড়ি না কেন?কালো বস্তুর তাপ ধারণক্ষমতা বেশি, তাহলে কালো মানুষের তাপ ধারণক্ষমতাও কি বেশি? মানুষ কীভাবে আবিষ্কার করল যে গরু বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড?বিজ্ঞানীদের এমন কী প্রতিভা আছে, যা আমাদের নেই?একজন তো আমাদের কাছে সরাসরিই জানতে চেয়েছে...আপনি গণিতকে কতটা ভালোবাসেন?সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময়, সুযোগ, সামর্থ্য বা জ্ঞান কোনোটাই আমাদের নেই। তাই উৎসবে করা সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। তবে লিখিত প্রশ্নগুলো আমাদের সঙ্গে আছে। অচিরেই উত্তরসমেত সংকলন আকারে সেগুলো প্রকাশিত হবে। যারা উৎসবে নিজেদের করা প্রশ্নের উত্তর পায়নি, তারাও তখন তাদের জবাব পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সব প্রশ্নের উত্তর দিতে পারব না জেনেও কেন আমরা প্রশ্ন করতে উৎসাহ দিচ্ছি? কারণ সঠিক প্রশ্ন করাই হলো আসল, উত্তরটা মুখ্য নয়। এই বোধটা ছড়িয়ে দিতেই প্রশ্নোত্তর পর্ব। কারও কোনো প্রশ্ন আছে?শিক্ষক, ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স, সাজেদা ফাউন্ডেশন